শেখ হাসিনার মতো গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে ভিন্নমত দমন করতে চায় না তারেক রহমানের সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তার মতো আচরণ বিএনপি করতে পারে না।
দেশে স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে রিজভী বলেন, যাতে ভবিষ্যতে আর শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের উত্থান না ঘটে।
শুক্রবার (২০ নভেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ চেয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে ভিন্নমত দমনের রাজনীতি বিএনপি করতে চায় না।
গণতন্ত্রবিরোধী শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বিদেশে অবস্থান করেও দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টিতে মদদ দিচ্ছেন। তার বিপুল অর্থসম্পদ রয়েছে এবং দেশের ভেতরেও অনেক অনুসারী সক্রিয় রয়েছেন। তাদের ব্যবহার করে বিভিন্ন স্থানে বাড়িঘর ও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, দেশে গণতন্ত্রবিরোধী শক্তির তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলায় সরকার প্রতিহিংসা কিংবা দমন-পীড়নের পথ অনুসরণ করবে না। গণতন্ত্রের চর্চা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন স্মরণ করে রিজভী বলেন, তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ ও প্রজ্ঞাবান রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকে আন্দোলন-সংগ্রাম ও নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে নেতৃত্বে উঠে এসেছিলেন। রাজনীতিকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন তিনি।
রিজভী আরও বলেন, তরিকুল ইসলাম প্রগতিশীল ছাত্ররাজনীতি করেছেন। জাতীয় রাজনীতিতে মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের সংকটময় সময়ে তার সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা ছিল নির্ভরতার প্রতীক।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলসহ স্থানীয় নেতারা।
