রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে দুপক্ষের উত্তেজনা

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২১:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে আবাসিক হলের ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা প্রায় চার ঘণ্টা হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখেন।

পরে এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে উপাচার্য এ কমিটি গঠন করেছেন। কমিটিকে তদন্ত সাপেক্ষে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘গতকালের (বৃহস্পতিবার) ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করবে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হলের নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবজয় সরকারকে মারধর করা হয়। তিনি হল শাখা ছাত্রলীগের ২০২২ সালের কমিটির সদস্য ছিলেন। তবে হলে আসন পাওয়ার জন্য ছাত্রলীগে যোগ দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দেবজয় হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এ-সংক্রান্ত প্রমাণও তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তারা।

দেবজয় সরকার বলেন, ‘আমি প্রথম বর্ষে সিট পাওয়ার জন্য ছাত্রলীগে জয়েন করেছিলাম। তবে আমাকে যে পদ দিয়েছে, সেটাও আমি জানতাম না। আমি চার বছর ধরে এই হলে থাকি। জুলাই গণ-অভ্যুত্থানেও নিজে আন্দোলন করেছি। দুই বছর পর আজ তারা আমাকে রুম থেকে ডেকে নিয়ে অকারণে মারধর করেছে। আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’

তবে ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, ভিডিও ফুটেজ তৈরির উদ্দেশ্যে দেবজয়কে ছাত্রলীগের ট্যাগ দিয়ে মারধর করা হয়েছে।

এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত এবং হলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান। তারা দ্রুত ফুটেজ দেখানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তবে হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য কোনো টেকনিশিয়ান উপস্থিত নেই। পরদিন সকালে ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হবে।

এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় তর্ক হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী প্রাধ্যক্ষের কক্ষের দরজা ভাঙচুরের চেষ্টাও করেন। প্রায় চার ঘণ্টা ধরে আলোচনা ও উত্তেজনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং সকালে সিসিটিভি ফুটেজ দেখানোর আশ্বাস দেওয়া হয়। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে প্রাধ্যক্ষের কক্ষ সিলগালা করে বিক্ষোভরত শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেছিলেন, ‘তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’

ইত্তেফাক/এপি