হতদরিদ্র দিনমজুরের ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২১:৩৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মো. ইউনুস আলী নামে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসের বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। হঠাৎ অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছে ৬ সদস্যের পরিবারটি। দ্রুত ঘটনা তদন্ত করে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. ইউনুস আলী।

তিনি জানান, তার বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। একটি বাতি জ্বালানো, একটি ফ্যান চালানো আর ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া তেমন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন না তিনি। সীমিত ব্যবহারের বিপরীতে এমন অস্বাভাবিক বিল পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ছয় সদস্যের পরিবারটি। একাধিকবার বিদ্যুৎ অফিসে গিয়েও সমস্যার সমাধান না পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। তার বিদ্যুৎ মিটারের হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের জন্য ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ইউনুস আলীর দাবি, তার বাড়িতে একটি বাতি ও একটি ফ্যানের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। এর বাইরে উল্লেখযোগ্য কোনো বিদ্যুৎ ব্যবহার নেই। পেশায় দিনমজুর এই ব্যক্তির সম্পদ বলতে রয়েছে মাত্র আড়াই শতক ভিটেমাটি। সেখানে পরিবারের ছয় সদস্যকে নিয়ে গাদাগাদি করে বসবাস করেন তারা। দিনমজুরি করে কোনোমতে সংসার চালানো ইউনুস আলীর পক্ষে তিন মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব।

ভুক্তভোগী ইউনুস আলীর দাবি, অস্বাভাবিক বিল আসার পর তিনি কয়েকবার বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সমস্যার কথা তুলে ধরলেও কোনো সমাধান পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। বাধ্য হয়ে শেষ পর্যন্ত সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন। সাংবাদিকদের কাছে কেন যাবেন? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করে থাকি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তার বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।

একজন দিনমজুরের বাড়িতে সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও কীভাবে তিন মাসে প্রায় ১ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ খরচ দেখানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিলের পরিমাণের পাশাপাশি মিটারের রিডিং, বিল তৈরির প্রক্রিয়া ও সংশ্লিষ্ট হিসাব যাচাইয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ইত্তেফাক/এপি