ইসরায়েলকে কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির পরিচয় বহনকারী রাষ্ট্র হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আব্দুল এল-সাঈদ। একই সঙ্গে তিনি মনে করেন, পবিত্র ভূমিতে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ইসরায়েলি ইহুদি ও ফিলিস্তিনি—উভয় জনগোষ্ঠীরই সমান দাবি রয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘দ্য আটলান্টিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্য রাজনীতি ও ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে নিজের এই অবস্থান তুলে ধরেন।
সাক্ষাৎকারে আব্দুল এল-সাঈদ বলেন, ইসরায়েল এমন একটি রাষ্ট্র হওয়া উচিত যেখানে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। রাষ্ট্রটি কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির পরিচয়ে পরিচালিত না হয়ে নিজস্ব আইনের অধীনে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে বসবাসের অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে।
ইতিমধ্যে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ধারণা নিয়ে একাধিকবার প্রশ্ন তোলা এই সিনেটর বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগোষ্ঠীরই শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
ফিলিস্তিন সংকটের সমাধান প্রসঙ্গে এল-সাঈদ উল্লেখ করেন, ফিলিস্তিনিদের এমন একটি স্বাধীন ও উন্মুক্ত রাজনৈতিক আন্দোলন থাকা প্রয়োজন, যারা ইসরায়েলি ইহুদিদের সঙ্গে সমান অবস্থান থেকে আলোচনায় বসতে পারবে। সেই আলোচনার মাধ্যমেই চূড়ান্ত শান্তি চুক্তির রূপরেখা নির্ধারণ করা উচিত।
সমাধান ‘দুই রাষ্ট্রভিত্তিক’ হবে নাকি ‘এক রাষ্ট্রভিত্তিক’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নয়। বরং ওই ভূখণ্ডে বসবাসকারী দুই জনগোষ্ঠীরই আত্মনিয়ন্ত্রণের সমান অধিকার রয়েছে এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবির স্বীকৃতি নিশ্চিত করেই সমাধানে পৌঁছাতে হবে।
চলতি মাসের শুরুতে মিশিগানের সিনেট নির্বাচনে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েন আব্দুল এল-সাঈদ। দেশজুড়ে রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বড় জয়ের অংশ ছিল তার এই সাফল্য।
তবে নির্বাচনী প্রচারণার সময় মিশিগানের ইহুদি সম্প্রদায়ের একাংশের মধ্যে তার প্রার্থিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। গত মার্চে ডেট্রয়েটের কাছে ওয়েস্ট ব্লুমফিল্ডের ‘টেম্পল ইসরায়েল’ সিনাগগে হামলার চেষ্টার পর হামলাকারীকে ইঙ্গিত করে এল-সাঈদ বলেছিলেন, “আঘাতপ্রাপ্ত মানুষই অন্যকে আঘাত করে।” এই মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়লে পরবর্তীতে কারও অনুভূতিতে আঘাত লাগার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
তা সত্ত্বেও নির্বাচনের পর গবেষণা সংস্থা ‘জিউইশ মেজরিটি’-র জরিপে দেখা গেছে, মিশিগানের ইহুদি ভোটারদের ৫০ শতাংশই আব্দুল এল-সাঈদকে সমর্থন দিয়েছেন। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স পেয়েছেন ৪৩ শতাংশ ভোট। এ ছাড়া ৪ শতাংশ ভোটার কাউকে ভোট দেননি এবং ৩ শতাংশ অন্য প্রার্থীকে বেছে নিয়েছেন।
ইসরায়েলের সমালোচনার কারণে ইহুদিবিদ্বেষ বাড়ছে—এমন অভিযোগের জবাবে এল-সাঈদ জানান, কারও নিরাপত্তা নিয়ে ভয় থাকলে তিনি তার প্রতি সহানুভূতিশীল এবং কারও ভয় বাড়ানোর কোনো ইচ্ছা তার নেই। তবে তিনি স্পষ্ট করেন যে, নিরাপত্তার উদ্বেগ এবং ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনায় অস্বস্তি—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
গাজায় ৭০ হাজার মানুষের প্রাণহানি এবং ঘরবাড়ি, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় ধ্বংসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনার বিরুদ্ধে কথা বলার অধিকার তার থাকা উচিত। কারও অস্বস্তির কারণে এসব সমালোচনা থেকে বিরত থাকলে অন্যদের মানবিক মর্যাদাকে ছোট করে দেখা হবে, যা তিনি মেনে নেবেন না। এ সময় তিনি যুক্তরাষ্ট্র সরকারকে গাজায় ‘গণহত্যায়’ সহযোগিতার অভিযোগেও অভিযুক্ত করেন।
অন্যদিকে, গাজায় গণহত্যা সংঘটনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইসরায়েল। দেশটির সরকারের দাবি, সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে তারা সর্বোচ্চ সতর্কতা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি ইসরায়েলের অভিযোগ, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস স্কুল, মসজিদ ও হাসপাতালসহ বেসামরিক অবকাঠামোগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে সামরিক কার্যক্রম পরিচালনা করছে।
