টাইম ম্যাগাজিনের ১০০ ভারতীয় প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২২:৩৫

ভারতের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত টাইম ম্যাগাজিনের বিশেষ তালিকা ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’তে জায়গা করে নিয়েছেন ১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। বিনোদন, ব্যবসা ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখদের সঙ্গে এই তালিকায় স্থান পেয়েছেন ভারতের এই উদীয়মান ক্রিকেটার। তাঁর পাশাপাশি রয়েছেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও অভিনেত্রী আলিয়া ভাট।

টাইম প্রকাশিত ১০০ ব্যক্তিত্বের তালিকার ‘ইনোভেটরস’ বিভাগে রাখা হয়েছে বৈভবকে। একই বিভাগে জায়গা পেয়েছেন আরিয়ান খান। অন্যদিকে, ‘আর্টিস্টস’ বিভাগে স্থান পেয়েছেন আলিয়া ভাট। সাময়িকীটির প্রচ্ছদেও শোভা পেয়েছে এই অভিনেত্রীর ছবি।

বৈভবের প্রতিভা ও সম্ভাবনা নিয়ে টাইম ম্যাগাজিনে লিখেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভারতীয় ক্রিকেটে এই কিশোরের প্রভাবের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘মাঠে যখন সে ক্রিকেট ব্যাট ঘোরায়, বৈভব সূর্যবংশী আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ তাদেরই, যারা ভিন্নভাবে চিন্তা করতে পারে। সে একজন বিস্ময়কর ক্রীড়াপ্রতিভা।’

১০০ জনের এই তালিকায় ক্রিকেটার আছেন মাত্র দুজন। বৈভবের সঙ্গে জায়গা পেয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হারমানপ্রীত কৌর। ক্রীড়াঙ্গনের অন্য পরিচিত মুখদের মধ্যে আছেন অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই, সানিয়া মির্জা, হকি গোলরক্ষক সবিতা পুনিয়া ও অ্যাথলেট ভিথিয়া রামরাজ। 

তালিকার অন্য বিশিষ্টজনদের মধ্যে আলিয়া ভাটকে নিয়ে লিখেছেন চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি এবং আরিয়ান খানের পরিচিতি তুলে ধরেছেন নির্মাতা বিশাল ভরদ্বাজ।

টাইমের আন্তর্জাতিক ‘টাইম১০০ নেক্সট’ উদ্যোগের প্রথম ভারতকেন্দ্রিক সংস্করণ হলো ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’। এটি কোনো ক্রমতালিকা নয়; ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত টাইমের সাংবাদিকেরা বিভিন্ন ক্ষেত্রে অবদান এবং ভবিষ্যতে প্রভাব বিস্তারের সম্ভাবনা বিবেচনা করে এই ১০০ জনকে নির্বাচন করেছেন।

ইত্তেফাক/এমএসআর