বিরোধী দল ‘পুরোনো বন্দোবস্তের’ (আওয়ামী লীগের শাসনকাল) কায়দায় বর্তমান সরকারের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পর্ষদের সদস্য জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, বিরোধী দলগুলোর এমন ভূমিকার সুযোগ নিচ্ছে পতিত শক্তি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির তুলা ভবনের সম্মেলনকক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে গণসংহতি আন্দোলনের (জিএসএ) মতবিনিময় সভায় এ কথা বলেন জোনায়েদ সাকি।
বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করে জোনায়েদ সাকি বলেন, নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার পর সরকারি দল কিংবা বিরোধী দল—যে অবস্থানেই থাকুক না কেন, রাষ্ট্র ও রাজনীতির পুনর্গঠনের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পুরোনো রাজনৈতিক ধারার ছক অনুসরণ করে সরকারের বিরোধিতা করলে তা বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সাংবিধানিক সংস্কারের পাশাপাশি বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিও রাজনৈতিক দলগুলোকে জোরালোভাবে সামনে আনতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের দায়িত্ব পালনের প্রবণতা খুব বেশি দেখা যাচ্ছে না। বিরোধী দলগুলোও কার্যকর সংস্কারের দাবিতে যথেষ্ট ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন তিনি।
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক জ্বালাও-পোড়াও কর্মসূচির প্রসঙ্গ টেনে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, পতিত শক্তি মনে করছে, সন্ত্রাস, অরাজকতা ও বোমাবাজির মাধ্যমে আবারও রাজনৈতিকভাবে ফিরে আসতে পারবে। যারা গণতান্ত্রিক পুনর্গঠনে ভূমিকা রাখতে চান, তাদের দায়িত্ব হলো এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাওয়া শক্তিকে প্রতিরোধ করা এবং নতুন করে ঐক্যবদ্ধ হওয়া।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবনের নিরাপত্তা এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি বলে স্বীকার করেন। তিনি উল্লেখ করেন, এর ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি হচ্ছে। এই পরিবর্তনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হলে জনগণের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে হবে এবং পরিবর্তনের পক্ষে মানুষের আস্থা তৈরি করা জরুরি বলে তিনি মনে করেন।
সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি, চিকিৎসা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীদের তালিকাভুক্তির পাশাপাশি তাঁদের নিজ নিজ এলাকায় বাদ পড়া শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
