ভেড়ামারায় দুরারোগ্য রোগে আক্রান্ত একই পরিবারের সাত জন

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৪

কুষ্টিয়ার ভেড়ামারার পল্লিতে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করেছেন একই পরিবারের সাত জন ব্যক্তি। দীর্ঘদিন ধরে সহায়-সম্বলহীন পরিবারটি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীরা হলেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি গ্রামের আজিজুল হকের (৮২), ছেলে বেলাল উদ্দিন (৪৮), হেলাল উদ্দিন (৪৪), আব্দুল জব্বার (৩৯) এবং মেয়ে সুমি খাতুন (৩২)। এছাড়াও বেলালের মেয়ে রিয়া খাতুন (২২) ও ছেলে আহমদ আলী (২৪) এবং আব্দুস জাব্বারের ছেলে সুমন আহমেদ (১৭)। তারা সবাই বংশগতভাবে সেরিব্রাল অ্যাট্রোফি (ব্রেন টিসু্যুর ক্ষয়িষ্ণুতা) নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. একরামুল হক ।

জানা গেছে, ৮২ বছর বয়সি বৃদ্ধ আজিজুল হকের স্ত্রী মৃত মলিনা খাতুনই সর্বপ্রথম সেরিব্রাল অ্যাট্রোফি নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। প্রায় ১২ বছর ভোগান্তির পর ১৫ বছর আগে তিনি মারা যান। এটি পরবর্তী সময়ে তার বংশধরদের মধ্যে ছড়িয়ে পড়েছে। মায়ের মৃত্যুর পর ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে তার তিন ছেলে বেলাল, হেলাল, জাব্বার ও মেয়ে সুমি পর্যায়ক্রমে এ ব্যাধিতে আক্রান্ত হন। তারা যথাক্রমে ১৬, ১৩, ১২ ও ৮ বছর ধরে আলাদা আলাদা ঘরে শয্যাশায়ী রয়েছেন। তারা নড়াচড়া ও নিজেদের কাজ নিজেরা করতে পারেন না। এমনকি ঠিক মতো কথাও বলতে পারেন না। এদিকে মলিনা খাতুনের তিন জন নাতিও এরই মধ্যে আক্রান্ত হয়েছে।

অসুস্থ বেলালের স্ত্রী নুরবানু বলেন, ‘আমার মেয়ে রিয়া অসুস্থ হয়ে বাড়িতে তিন বছর ধরে শয্যাশায়ী রয়েছে। তার চার বছরের নিচে তিনটা বাচ্চা রয়েছে। এদিকে ২৫ বছর বয়সি বিদেশ ফেরত একমাত্র ছেলে আহমদ আলীরও এ ব্যাধি দেখা দিয়েছে। বাড়িতে কোনো খাবার নেই, এলাকাবাসী দিলে খায়, না দিলে না খেয়ে থাকি।’

পরিবারটির বর্তমান অভিভাবক অসুস্থ রিয়ার স্বামী মেকানিক্স মনিরুল ইসলাম বলেন, ‘রিয়ার সঙ্গে ১০ বছর হলো বিয়ে হয়েছে। বিয়ের সাত বছরের মাথায় সে অসুস্থ হয়ে যায়।’

তিনি বলেন, ‘সবর্েশষ অসুস্থ হওয়া আহমদ আলীকে চলতি নভেম্বর মাসে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিনের ডাক্তার অধ্যাপক মো. পারভেজ আমিনকে দেখিয়েছি। তিনি টেস্ট করার পর রোগ নির্ণয় করে বলেন, এটি সেরিব্রাল অ্যাট্রোফি নামক দুরারোগ্য ব্যাধি। এর কোনো চিকিত্সা পৃথিবীতে নেই।’ 

সবশেষ ভুক্তভোগী আহমদ আলী বলেন, ‘মালয়েশিয়ায় থাকা অবস্থায় আমার প্রচণ্ড জ্বর এসে মাথা ভারী হয়ে যায়। তখন থেকেই আমার শরীরে সমস্যা শুরু হয়, কথা আটকে যায়। সেখানে ব্যয়বহুল চিকিত্সা করিয়েছি। কোনো কাজে আসেনি। রাজশাহীর ডাক্তার বলেছে, এই রোগের কোনো চিকিত্সা নেই। এরপর থেকে বাঁচার আশা ছেড়ে দিয়েছি।’

 ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক বলেন, ‘সেরিব্রাল অ্যাট্রোফি ব্যাধিটি পুষ্টিহীনতা, ডায়াবেটিস ও জিনগত কারণে হতে পারে। এই পরিবারের মূলত জিনগত কারণেই হয়েছে। তাই রোগমুক্তির সম্ভাবনা নেই। এদের শুধু লক্ষণভিত্তিক চিকিত্সা করাতে হবে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস বলেন, ‘বিষয়টি নিয়ে ইতিমধ্যে ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করেছি। তাদের এককালীন সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

 ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত বলেন, ‘আমরা বিষয়টি জানার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে সরেজমিনে দেখা করেছি। তাদের সহযোগিতায় আমাদের পক্ষ থেকে যতটা করা সম্ভব ততটুকু করব।

 

ইত্তেফাক/এএম