বিশ্বশান্তির ঘোষণায় কি যুদ্ধের অবসান ঘটিবে?

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩০

পৃথিবীর ইতিহাসে শান্তির কথা সবচাইতে অধিক উচ্চারিত হইয়াছে সম্ভবত যুদ্ধের ময়দানেই। কিন্তু ঘোষণার সঙ্গে বাস্তবতার দূরত্ব বেশির ভাগ সময় এতটাই বেশি থাকে যে, শান্তির বাগী উচ্চারিত হইবার পরও যুদ্ধের দামামা থামে না। সম্প্রতি চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক এবং পরবর্তী যৌথ শান্তিঘোষণা সেই পুরাতন প্রশ্নটিকেই নূতন করিয়া সম্মুখে আনিয়াছে। বিশ্বের তিন পরমাণু শক্তিধর রাষ্ট্রের শীর্ষনেতারা একত্রে বসিয়া শান্তির কথা বলিয়াছেন, ইহা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা।

কিন্তু এই ঘোষণার মধ্য দিয়া পৃথিবী সত্যিই কি যুদ্ধমুক্তির পথে অগ্রসর হইবে? বৈঠকে তিন নেতা একমত হইয়াছেন যে, পরমাণুযুদ্ধ জয় করা সম্ভব নহে এবং এই যুদ্ধ কখনো সংঘটিত হওয়া উচিত নহে। কথাটি নূতন নহে, কিন্তু যাহাদের হাতে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র রহিয়াছে, তাহাদের সম্মিলিত কণ্ঠে এই উপলব্ধির পুনরুচ্চারণ বিশেষ তাৎপর্য বহন করে। কারণ, পরমাণুযুদ্ধের পরিণতি কোনো একটি দেশের সীমানায় আবদ্ধ থাকিবে না। বিজয়ী কিংবা পরাজিত, কেহই শেষ পর্যন্ত নিরাপদ থাকিবে না। মানুষের সভ্যতা, পরিবেশ, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব পর্যন্ত বিপন্ন হইবে।

তবে এই বৈঠকের সবচাইতে বড় পরীক্ষা ইউক্রেন যুদ্ধ। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর প্রায় পাঁচ বৎসর ধরিয়া দেশটি রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়া যাইতেছে। ট্রাম্প ও পুতিন যুদ্ধের অবসানের কথা বলিলেও বাস্তব চিত্র আশাব্যঞ্জক নহে। বৈঠকের সময়ও রুশ ড্রোনে কিয়েভ আক্রান্ত হইয়াছে। পুতিন একদিকে শান্তির প্রস্তুতির কথা বলিয়াছেন, অন্যদিকে ইউক্রেনের পালটা হামলার জবাবে আরো কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়াছেন। ইউক্রেনের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তার প্রশ্ন পাশ কাটাইয়া কোনো সমঝোতা দীর্ঘস্থায়ী হইতে পারে না। চীনের অবস্থানও এইখানে গুরুত্বপূর্ণ। রাশিয়ার সঙ্গে বেইজিংয়ের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক গভীর। ইউক্রেন প্রশ্নে চীন নিরপেক্ষতার কথা বলিলেও মস্কোর বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ করে নাই।

তিন দেশের যৌথ ঘোষণায় জাতিসংঘ সংস্কারের কথা উঠিয়াছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে অধিক কার্যকর করিবার প্রয়োজন অস্বীকার করা যায় না। কিন্তু প্রশ্ন হইল, সংস্কারের উদ্যোগ কি বৃহৎ শক্তিগুলির নিজেদের স্বার্থ রক্ষার উপায় হইয়া উঠিবে? আন্তর্জাতিক অপরাধ আদালতের এক্তিয়ার এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি লইয়াও ঘোষণায় বক্তব্য রহিয়াছে। অথচ এই ধরনের বিচার যদি ক্ষমতাধর রাষ্ট্রের রাজনৈতিক সুবিধা-অসুবিধার উপর নির্ভর করে, তাহা হইলে আন্তর্জাতিক আইনের বিশ্বাসযোগ্যতা কোথায় থাকিবে? শক্তিধর রাষ্ট্রগুলির জন্য এক নিয়ম এবং অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলির জন্য অন্য নিয়ম চলিতে পারে কি? এইখানে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও স্মরণযোগ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে বৃহৎ শক্তিগুলির নেতারা বসিয়া যুদ্ধোত্তর বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করিয়াছিলেন। আজিকের বৈঠককে কেন্দ্র করিয়াও তেমন কোনো নূতন বিশ্বব্যবস্থার ইঙ্গিত খুঁজিতেছেন অনেকে। কিন্তু একবিংশ শতাব্দীর পৃথিবীকে তিনটি রাষ্ট্রের ইচ্ছা কিংবা সমঝোতার ভিত্তিতে পরিচালনা করা সম্ভব নহে বলে অনেক বিশ্লেষক মনে করেন। ইউক্রেন, ইউরোপ, এশিয়া, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকার দেশগুলির নিজস্ব স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রহিয়াছে।

বিশ্ব আজ অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানিসংকট, জলবায়ু বিপর্যয় এবং খাদ্যনিরাপত্তার উদ্বেগে জর্জরিত। এই পরিস্থিতিতে নূতন যুদ্ধের ভার বহন করিবার সামর্থ্য অধিকাংশ দেশেরই নাই। অস্ত্র প্রতিযোগিতায় যেই বিপুল অর্থ ব্যয় হয়; তাহা শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও পরিবেশ রক্ষায় ব্যয় করা গেলে মানবসভ্যতা অনেক দূর অগ্রসর হইতে পারিত।

তবে শেনজেনের বৈঠক নিঃসন্দেহে আশার একটি জানালা খুলিয়াছে। তিন নেতার ব্যক্তিগত বন্ধুত্ব, যৌথ ছবি কিংবা শান্তির ঘোষণা ইতিহাসের গতিপথ পরিবর্তন করিবে না-যদি তাহার প্রতিফলন নীতিতে ও কার্যক্রমে দেখা না যায়। শান্তির ঘোষণা যেন শেষাবধি শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে পরিণত হয়-বিশ্ববাসীর প্রত্যাশা এইটুকুই।

ইত্তেফাক/এএম