ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীদের চাকরি বহাল ও বকেয়া বেতন ছাড়ের বিনিময়ে লাখ টাকা ঘুস লেনদেনের অভিযোগ উঠেছে। এক লাখ ২০ হাজার টাকা ঘুস দেওয়ার পরও মেয়াদ শেষের আগেই চাকরি হারানোর অভিযোগ করেছেন টিকিট ক্লার্ক শিমু খাতুন, আর তার জায়গায় নিয়োগ পেয়েছেন অভিযুক্ত অফিস সহকারীর ভাইজি।
সাত বছর ধরে ওই হাসপাতালে টিকিট ক্লার্ক হিসেবে কর্মরত শিমু খাতুনের অভিযোগ, চাকরি বহাল রাখার আশ্বাসে অফিস সহকারী লুৎফর রহমানকে তিনি এক লাখ ২০ হাজার টাকা দেন। চুক্তি অনুযায়ী এখনো তার কাজের মেয়াদ দুই মাস বাকি থাকলেও কোনো লিখিত নোটিশ ছাড়াই গত ১২ অক্টোবর থেকে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এমনকি শনিবার সকালে কর্মস্থলে গিয়েও তিনি চেয়ারে বসতে পারেননি বলে জানান। তার স্থলে লুৎফর রহমানের আপন ভাইজি পান্না খাতুনকে বসানো হয়েছে, যিনি আগে একই স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া পদে কর্মরত ছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে, আউটসোর্সিংয়ের ১০ জন কর্মচারীর মধ্যে পাঁচজন ঘুস দিয়ে নিয়োগপত্র পেয়েছেন; শিমু খাতুনসহ বাকি পাঁচজন এখনো নিয়োগপত্র পাননি। এ বিষয়ে শিমু খাতুন বলেন, ‘দীর্ঘ সাত বছর এ হাসপাতালে টিকিট ক্লার্ক পদে কাজ করছি। বকেয়া বেতন পাওয়ার পর ম্যাডাম আমাদের কাছ থেকে ১৫ হাজার করে টাকা নিয়েছেন। চাকরি পুনর্বহালের জন্য অফিস সহকারী লুৎফর রহমানের কাছে ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছিলাম। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগও রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে গত ১২ অক্টোবর থেকে অফিস সহকারী লুৎফর রহমান আমাকে কাজ করতে দিচ্ছেন না। আমার জায়গায় তার আপন ভাইজিকে দিয়ে কাজ করাচ্ছেন। চুক্তি অনুযায়ী এখনো আমার কাজের মেয়াদ দুই মাস বাকি রয়েছে। কাজ ছাঁটাইয়ের ব্যাপারে আমাকে কোনো লিখিত নোটিশ দেননি। শনিবার সকালেও কাজ করতে গেছি, কিন্তু লুৎফর সাহেব আমাকে চেয়ারে বসতে দেননি।’
শিমু খাতুন আরও জানান, বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপাকে জানালে তিনি সামান্য কিছু টাকা দিয়ে পান্না খাতুনের ছেড়ে যাওয়া আয়া পদে কাজ করার পরামর্শ দেন। এ ঘটনায় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।
অন্যদিকে আউটসোর্সিংয়ের আরেক কর্মচারী জানান, ১১ মাসের বকেয়া বেতন পাওয়ার সময় জেলা স্বাস্থ্য কর্মকর্তার নাম করে হেলেনা আক্তার নিপা ৯ জন কর্মচারীর কাছ থেকে ১৫ হাজার টাকা করে নিয়েছেন।
তবে ঘুস নেওয়ার অভিযোগ নাকচ করেছেন অফিস সহকারী লুৎফর রহমান। তার ভাষ্য, তিনি কোনো টাকা নেননি এবং ঠিকাদার তার ভাইজিকে নিয়োগ দিয়েছেন; শিমু খাতুন বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপাও হাসপাতালে ঘুস লেনদেনের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শিমু খাতুনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়নি এবং যাঁরা নিয়োগপত্র এনেছেন, তাদের পদ অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। সামান্য টাকা দিয়ে আয়া পদে কাজ করার প্রস্তাব দেওয়ার বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরে তিনি জানান, টাকার কথা বলেননি, তবে অন্য পদে কাজ করার কথা বলেছিলেন এবং ঠিকাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, চাকরি পুনর্বহালে এক লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা এবং বকেয়া বেতন ছাড়ের ক্ষেত্রে ১৫ হাজার টাকা করে নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এর আগে গত ২২ আগস্ট বিভিন্ন সংবাদপত্রে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে শাকিল নামের এক কর্মচারী জেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন।
