বিএনপির ধাওয়ায় মশাল-ককটেল ফেলে পালালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা 

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৪:১৮

বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশালমিছিলে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থল থেকে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী রনবাঘা বাইপাস এলাকায় একটি সড়কে মশালমিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া করেন তাদের। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। তারা নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন ওসি।

 

ইত্তেফাক/এনটিএম