রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় মোস্তফা (২২) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মাছ ধরার লিজ নিয়ে বিরোধের জেরে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার বোন। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার পর এ ঘটনা ঘটে।
এক বন্ধু ডেকে নিয়ে যাওয়ার পর তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার বোন।
যদিও পুলিশ জানায়, লোহা চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মোস্তফাকে মারধর করা হয়। পরে পালানোর সময় পড়ে গিয়ে তিনি আহত হন।
এ বিষয়ে মোস্তফার বড় বোন জুলেখা বলেন, রাত সাড়ে তিনটার দিকে বন্ধু হৃদয় এসে মোস্তফাকে স্থানীয় একটি ওয়ার্কশপে ডেকে নিয়ে যায়। সেখানে হোসেন, তার সহযোগী ইউনুস ও খানসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন মিলে তাকে মারধর ও ছুরিকাঘাত করেন।
জুলেখা উল্লেখ করেন, পুলিশের সহযোগিতায় মোস্তফাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
জানা যায়, মোস্তফার বাবার নাম নেয়ামত আলী। পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় থাকতেন তিনি।
হোসেনের বিরুদ্ধে অভিযোগ জানায়ে জুলেখা বলেন, পাঁচ-ছয় বছর আগে তাদের পরিবারের সঙ্গে হোসেনের বিরোধ হয়েছিল। মাছ ধরার জন্য তারা একটি ডোবা লিজ নিয়েছিলেন। হোসেন সেখান থেকে মাছ ধরতে দেননি। এ নিয়ে বিরোধের সূত্রপাত। পরে দুপক্ষের মধ্যে মারামারি ও মামলা হয়। সেই মামলা এখনো চলছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় বলেন, নাগদারপাড় পেট্রলপাম্পের বিপরীতের একটি ওয়ার্কশপের ভেতরে মোস্তফাকে মারধর করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মোস্তফা সেখানে লোহা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তাকে মারধর করা হয়। টিনের চালের ওপর দিয়ে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
এদিকে নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগের বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা এখনো এসব অভিযোগ পাইনি। তদন্ত চলছে।’
