দুই বছরে ৫০ হাজার অপারেশন, দেশের প্রথম ছানিমুক্ত জেলা হবে সিরাজগঞ্জ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৫:৫৪

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে আগামী দুই বছরে অন্তত ৫০ হাজার বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রায় ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার পাশাপাশি কয়েক লাখ মানুষকে চক্ষু পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বরের মধ্যে এ লক্ষ্য অর্জন করতে চায় সরকার।

শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জে আয়োজিত বৃহৎ চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে ছানিমুক্ত সিরাজগঞ্জ উপহার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য আগামী দুই বছরে প্রতি মাসে দুই হাজারের বেশি ছানি অপারেশন সম্পন্ন করা হবে।

তিনি জানান, একটি জরিপে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার দৃষ্টিহীন মানুষের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবির আয়োজন করে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। পাশাপাশি ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হবে।

দেশের চক্ষু স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, গত ২ নভেম্বর চক্ষু স্বাস্থ্যবিষয়ক বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে দেশের ২ কোটি অবহেলিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ার অঙ্গীকার করেছেন। এ পরিকল্পনায় ১ কোটি মানুষকে চশমা দেওয়া এবং ১০ লাখ মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করার লক্ষ্য রয়েছে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে। অন্যদিকে ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে হামলা এবং নিজেদের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের পথে যাচ্ছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যে এটাই মূল পার্থক্য।

স্বাস্থ্য খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের সময়ে এ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি এবং জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আটটি বিভাগীয় শহরে আধুনিক ক্যান্সার চিকিৎসা চালুর জন্য ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন কেনার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতাল। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এতে সহযোগিতা করছে। কর্মসূচির উদ্বোধনী দিনেই প্রায় দেড় হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়।

হাসপাতালটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মো. নুরুল আমিনসহ দেশি-বিদেশি বিভিন্ন চক্ষু স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

 
ইত্তেফাক/এসএ