কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। এ জন্য আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক।
আদালত সূত্রে জানা গেছে, মামলার দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার দায়রা জজ আদালতে। অন্য দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার অনুষ্ঠিত হবে শিশু আদালতে। বর্তমানে তারা গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে। তাদের কুমিল্লায় আনার নির্দেশ দিয়েছেন আদালত। চার আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্রও গ্রহণ করা হয়েছে। নির্ধারিত দিনে আসামিরা আদালতে উপস্থিত হলে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হবে। কেউ অনুপস্থিত থাকলে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আদালত।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ২৯ নভেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানি হবে বলে তিনি জানতে পেরেছেন। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে অনুষ্ঠিত হবে। অভিযোগপত্রে দুই আসামির বয়স কম দেখানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত ওই দুই আসামি যেন লঘুদণ্ড পেয়ে পার না পায়, সেটিই তার প্রত্যাশা।
পিপি অ্যাডভোকেট মো. কাইমুল হক বলেন, দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে শিশু আদালতে এবং বাকি দুই আসামির বিচার হবে দায়রা জজ আদালতে। আসামিপক্ষ একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। এটি তাদের আইনগত অধিকার। তবে রাষ্ট্রপক্ষ নিজস্ব প্রক্রিয়ায় মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করবে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের একটি পাহাড়ের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
