ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন এক বিদেশগামী। হারানো টাকা ফিরে পাওয়ার আকুতি, প্রতারকদের বিচার এবং নিরাপদে বিদেশযাত্রার প্রার্থনা জানিয়ে মহান আল্লাহর কাছে চিঠি লিখেছেন তিনি। সেই চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলার সময় পাওয়া যায় চিঠিটি।
চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, তার ইউরোপ যাত্রা যেন সহজ ও নিরাপদ হয়। বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা নিশ্চিত করার পাশাপাশি কোনও বিদেশগামী যেন দালালের প্রতারণার শিকার না হন, সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।
প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারীদের উপযুক্ত বিচার ও হেদায়েত কামনা করে চিঠিতে লেখা হয়েছে, তার মতো প্রতারণার শিকার হয়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়।
এ ছাড়া প্রতারণায় হারানো টাকার শোক ও কষ্ট থেকে মুক্তি, ধৈর্য, মানসিক শান্তি এবং হালাল রিজিকের জন্যও প্রার্থনা করেছেন ওই ব্যক্তি। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।
এদিকে, ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবার সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ।
এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খোলা হয়েছে। দানবাক্সগুলো পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাংকের সঙ্গে নতুন করে আরও দুটি ট্রাংক যুক্ত করা হয়।
