দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে মামা-ভাগ্নির বিয়ের প্রচলিত রীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। এ নিয়ে বিতর্কে জড়ান দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশও। রাধিকার বক্তব্যের সময় হেসে সম্মতি জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্নের মুখে পড়েন তিনি। এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কীর্তি।
দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে মামার সঙ্গে ভাগ্নির বিয়ের প্রচলন রয়েছে। ‘মামান কল্যাণম’ নামে পরিচিত এ রীতিতে বোনের মেয়েকে বিয়ে করা হয়। এ ধরনের বিয়েতে পাত্রকে বলা হয় ‘মুরাই মামান’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে রাধিকা আপ্তে জানান, একটি তেলুগু সিনেমায় তাকে এমন চরিত্রে অভিনয় করতে হয়েছিল, যেখানে নিজের মামার সঙ্গে বিয়ের দৃশ্য ছিল। বিষয়টি তার কাছে অস্বস্তিকর মনে হয়েছিল। এমনকি সিনেমাটিতে কাজ করাও তার জন্য বেশ কঠিন ছিল। ওই ছবিতে রাধিকার মামার চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণ।
সাক্ষাৎকারে রাধিকার পাশেই ছিলেন কীর্তি সুরেশ। এ সময় তিনি জানান, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় মামা-ভাগ্নির বিয়ের রীতি প্রচলিত রয়েছে। তবে কেরালায় এমন প্রথা নেই। তার এই বক্তব্যের পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন কীর্তি। রাধিকার বক্তব্যের সময় তিনি কেন সরাসরি প্রতিবাদ করেননি, জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, প্রথমে রাধিকা কী বোঝাতে চেয়েছেন, তা বুঝতে পারেননি তিনি।
কীর্তির ভাষ্য, রাধিকা যখন সিনেমায় নিজের মামার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতার কথা বলছিলেন, তখন তিনি বিষয়টি ঠিক বুঝতে পারেননি। পরে বুঝেছেন, রাধিকা তাদের সংস্কৃতির একটি প্রচলিত রীতির কথা বলছেন। এ বিষয়ে রাধিকার ধারণা না থাকায় তিনি শুধু দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে এমন প্রথা রয়েছে বলে তথ্য দিয়েছিলেন।
কীর্তি আরও বলেন, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এ রীতি প্রচলিত থাকলেও কেরালায় নেই। উত্তর ভারতের কেউ দক্ষিণ ভারতের সংস্কৃতি সম্পর্কে না জানলে তাকে বিষয়টি ব্যাখ্যা করে বলা যায়। তবে কাউকে জোর করে কোনো বিষয় বিশ্বাস করানো বা কথা বলা থেকে বিরত রাখা সম্ভব নয়। কর্ণাটকে এ ধরনের প্রথা রয়েছে কি না, সে বিষয়ে তার জানা নেই বলেও জানান অভিনেত্রী।
রাধিকা আপ্তে এর আগে ওই সাক্ষাৎকারে বলেছিলেন, একটি তেলুগু সিনেমায় তার অভিনীত চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। বিষয়টি তার কাছে এতটাই অস্বস্তিকর ছিল যে সিনেমাটির কোনো কিছুই তার ভালো লাগেনি বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আনন্দবাজার অনলাইন
