দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৮:৫৮

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকবো, পালাবো না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি বলছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে। দেশের মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়ে মিলেমিশে আমরা এ দেশেই থাকতে চাই।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বরের সম্ভাব্য সফর উপলক্ষে বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এদিন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন মহিমাগঞ্জ কেজি স্কুল মাঠের সম্ভাব্যতা যাচাই এবং গোবিন্দগঞ্জ চিনিকল পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমরা পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি। দেশের সব খাল এবং মরা নদীগুলোকে পুনর্জীবিত করা হবে।

মীর শাহে আলম আরও বলেন, এই সফরে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।

পরে মন্ত্রী করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং খাল পরিদর্শন করেন। এসময় তিনি খুব শীঘ্রই এসব খাল খননের উদ্বোধন করা হবে বলে জানান।

আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন বলে সম্ভাব্য কর্মসূচিতে রয়েছে। এ ছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

ইত্তেফাক/এমএসআর