মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:০৫

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ‘শান্তি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ফেনী সদর উপজেলার ইবনে জাহিদ (৩৪) ও সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন আকবর (৪৪)। তারা যাত্রীবেশে খাগড়াছড়ি থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা খাগড়াছড়ি-বারইয়ারহাট আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে পেছনে যাত্রীবেশে বসে থাকা দুজনের কাছ থেকে একটি জাপানি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদ পেয়ে চেকপোস্ট বসিয়ে শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে পেছনে যাত্রীবেশে বসে থাকা দুই লোকের কাছ থেকে একটি জাপানি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র চালান চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি