কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স

রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৫ কোটি গণনা, ছাড়িয়ে যেতে পারে অতীতের সব রেকর্ড

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:১৩

চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এসব দানবাক্সে পাওয়া গেছে ৫১ বস্তা দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রৌপ্য অলংকার।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৫ কোটি টাকা গণনা করা হয়েছে। রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী এ তথ্য জানিয়েছেন। এবার দানের টাকার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা গণনার কাজ শেষ হতে রাত ১০টা পেরিয়ে যেতে পারে বলেও জানান তিনি। 

এর আগে সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে পাগলা মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হচ্ছে। সেখানে দিনব্যাপী চলছে টাকা গণনার কাজ। রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন। 

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফসহ অনেকে উপস্থিত ছিলেন।

পাগলা মসজিদের দানবাক্স সাধারণত প্রতি তিন মাস পরপর খোলার কথা। তবে অনিবার্য কারণে প্রায়ই এর ব্যত্যয় ঘটে। এবার ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেবার দানবাক্স থেকে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্য অলংকার পাওয়া যায়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহানা নাসরিন গণমাধ্যমকে বলেন, পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রাপ্ত টাকা মসজিদ ও মসজিদের এতিমখানা-মাদরাসার ব্যয় নির্বাহের পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হয়। 

ইতোমধ্যে আধুনিক পাগলা মসজিদে ইসলামিক কমপ্লেক্স স্থাপনের মাস্টারপ্ল্যান তৈরি করে কাজ শুরু করা হয়েছে। সেখানে ৩০ হাজার নারী-পুরুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এখন পর্যন্ত এ কাজের জন্য ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা কিশোরগঞ্জ রূপালী ব্যাংক শাখায় জমা করা হয়েছে। 

ইত্তেফাক/আরএইচ