ভুলে সীমান্ত অতিক্রমের পর বাংলাদেশি ‘বধির’ শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:৪০

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ সদস্যরা।

আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শাহরিয়ার স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে যান। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে সঙ্গে থাকা সহযোগীসহ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

এদিকে শাহরিয়ারের বাবা মনির মিয়ার দাবি, তার ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনা চলছে।

ইত্তেফাক/এপি