ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার প্রকাশ্যে এনে বিশ্বকে নতুন বার্তা ইরানের

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:৪৯

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের কথিত ‘মিসাইল সিটি’র একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ভূগর্ভস্থ বিশাল সুড়ঙ্গজুড়ে সারি সারি ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্রের উপস্থিতি দেখা গেছে। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধারণ করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাস তেহরান থেকে জানান, প্রকাশিত ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদিকে দেখা গেছে। তার পাশেই ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি।

ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের পাশাপাশি শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার দেখানো হয়েছে। এসবের মধ্যে রয়েছে একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম লঞ্চারসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম।

আতাসের বিশ্লেষণ অনুযায়ী, এই ভিডিও প্রকাশের মাধ্যমে বাইরের বিশ্বকে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে স্পষ্ট বার্তা দিতে চাইছে আইআরজিসি। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র কিংবা উৎক্ষেপণযন্ত্রের কোনো সংকট নেই ইরানের। আবার যুদ্ধ শুরু হলে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতাও তাদের রয়েছে।

তার মতে, ভিডিওটি ইরানের সামরিক প্রচারণার অংশ হলেও এর পেছনে আরও একটি উদ্দেশ্য রয়েছে। নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সম্ভাব্য প্রতিপক্ষের কাছে আবারও নিজেদের প্রতিরোধক্ষমতার বার্তা পৌঁছে দিতে চাইছে তেহরান।

ইত্তেফাক/এবিএস