এক বছর পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০০:৫৫

দেশের বাজারে সোনার দাম আরেক দফা কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর ফলে প্রায় ১৩ মাস পরে সোনার ভরির দাম কমে ২ লাখ টাকার নিচে নামল। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৯৪ হাজার টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম রোববার ( ২২ নভেম্বর) থেকে কার্যকর হবে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশেও সোনার দাম কমছে।

এ নিয়ে গত ৯ দফায় দেশে সোনার দাম কমেছে ৩৪ হাজার ৬৯০ টাকা। শুধু শুক্রবারেই (২০ নভেম্বর) সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমে ছিল।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ রাত সাড়ে ৯ টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।

ইত্তেফাক/এমএস

এ সম্পর্কিত আরও পড়ুন