গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময়ে আজ ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। তবে ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আলোচনার কোনো বিষয়সূচি রাখা হয়নি। বিদ্যমান চুক্তি নবায়নের ক্ষেত্রে পানি পাওয়ার নিশ্চয়তা সংক্রান্ত শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।
১৯৯৬ সালে দুই দেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এর আগে ১৯৭৭ সালে দুই দেশের মধ্যে প্রথম গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশকে ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি দেওয়ার কথা ছিল।
১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর দুই দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার কথা রয়েছে। তবে শুকনো মৌসুমে উজানে পানি প্রত্যাহারের কারণে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের পদ্মা নদীতে পানির সংকট দেখা দেয়। এ পরিস্থিতির পেছনে গঙ্গার ওপর ভারতের নির্মিত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের রাজনৈতিক দূরত্ব আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান বলেন, আগামী দুই বছরেও যদি কোনো চুক্তি না হয়, তাহলে অচলাবস্থার প্রভাব বাংলাদেশের ওপরই বেশি পড়বে। পানি না থাকলে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগও কার্যকর হবে না। তাই দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারকে আলোচনায় এগিয়ে আসা এবং সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন তিনি।
যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির জানান, গঙ্গা চুক্তি নিয়ে তিনটি বৈঠক হয়ে থাকে। গত রোববার তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তার ভাষ্য, এসব বৈঠক নিয়মিত কার্যক্রমের অংশ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হবে কি না, জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে গত ২২ মে কলকাতায় গঙ্গার পানি বণ্টনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। চুক্তির মেয়াদ অনুযায়ী, ঢাকায় আজকের বৈঠকটি এ পর্যায়ের শেষ বৈঠক।
