বল মাঠের বাইরে। থ্রো ইন করতে বল হাতে নিলেন লিওনেল মেসি। এরপর সামনে দাঁড়িয়ে থাকা গঞ্জালো তাপিয়ার মুখে বল দিয়ে ধাক্কা মারেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর বল ছুঁড়ে মারেন মাথায়। এমন কাণ্ড করেও লাল কার্ড থেকে অল্পের জন্য বেঁচে গেছেন মেসি।
এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোর ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে ঘটনাটি ঘটেছে প্রথমার্ধের শেষ মুহূর্তে। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো তাপিয়া।
বিরতির ঠিক আগে থ্রো-ইন নেওয়ার জন্য সীমানার বাইরে দাঁড়িয়েছিলেন মেসি। তার পাশেই ছিলেন কলম্বাসের চিলিয়ান স্ট্রাইকার তাপিয়া। তিনি মেসিকে দ্রুত থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন। মেসি প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন।
এরপর তাপিয়া লাফিয়ে থ্রো-ইন আটকে দেওয়ার চেষ্টা করলে মেসি সরাসরি তার মাথায় বল ছুড়ে মারেন। বল মাথায় লাগতেই মাটিতে পড়ে যান তাপিয়া। আর মেসি দুই হাত তুলে রেফারির কাছে উল্টো ফাউলের আবেদন করতে থাকেন!
তবে মেসির এই আচরণ ভালোভাবে নেননি রেফারি অ্যালেন চ্যাপম্যান। তাপিয়া ও মেসি দুজনকেই হলুদ কার্ড দেখান তিনি।
তবে মাঠের খেলায় শেষ হাসিটা হেসেছে কলম্বাসই। ম্যাচটি তারা জিতেছে ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার তাহা হারব্রুন। এরপর ৬ মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল করে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তাপিয়া।
