নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

 
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫:২৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নির্মাণাধীন তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।

জানা গেছে, রোববার সকালে একই উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় একটি বাড়ির বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার সময় ধসে অন্তত ১৫ ফিট নিচে ইট কংক্রিটের চাপায় পড়ে যায়। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে ছাদচাপায় প্রাণ হারান তিনি।

স্থানীয়দের ভাষ্য, তোরণ নির্মাণে ঢালায় দেওয়া হয় গত বৃহস্পতিবার সকালে। তিন দিনের মাথায় সেন্টারিং খোলায় তা ধ্বসে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সকালে কিছু বুঝে উঠার আগে বিকট শব্দে এলাকা কেঁপে উঠে। বের হয়ে দেখি নির্মাণাধীন তোরণটি ভেঙে কাজ করতে আসা একটি লোক সেখানে চাপা পড়ে আছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

তিনি আরও বলেন, তোরণটি ঢালায় দেওয়া হয় গত বৃহস্পতিবারে। ৩ দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদার উদাসীন হয়ে তা খুলে ফেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, দুর্ঘটনায় প্রাণ হারানো একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন গেটের তোরণের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় আনা হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার মামলা করতে চাইলে পুলিশ মামলা নেবে।

ইত্তেফাক/এপি