জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে চান আমিরাতের কূটনীতি নুসেইবেহ, বিপক্ষে তিন স্থায়ী সদস্য

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৬:১৬

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে তিনটি দেশ মহাসচিব পদপ্রার্থী লানা নুসেইবেহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক গোপন ভোটে তারা সংযুক্ত আরব আমিরাতের এই কূটনীতিকের বিপক্ষে ভোট দেয় বলে জানিয়েছে বৈশ্বিক অ্যাডভোকেসি গ্রুপ ‘১ ফর ৮ বিলিয়ন’।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেরুজালেমের পুরোনো শহরে পারিবারিক শিকড় থাকা এবং ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের পক্ষে অবস্থান নেওয়া নুসেইবেহ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছেন। এ থেকে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর বাকি তিন স্থায়ী সদস্য—চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য তার বিরুদ্ধে ভোট দিয়েছে। 

ইসরায়েল ও ইহুদি প্রবাসী সম্প্রদায়বিষয়ক অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রিধারী নুসেইবেহ নির্বাচিত হলে জাতিসংঘের ৮০ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে সংস্থাটির নেতৃত্ব দেবেন।

আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হওয়ার দৌঁড়ে দেরিতে যোগ দেয়া নুসেইবেহ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সুদানের গৃহযুদ্ধে নৃশংসতা ও ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রতি সমর্থন দেয়ার অভিযোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

গত বছর সুদান জাতিসংঘের সর্বোচ্চ আদালতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে একটি মামলা করে। দেশটির অভিযোগ, আরএসএফকে অস্ত্র ও অর্থায়ন করে আমিরাত গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। তবে সংযুক্ত আরব আমিরাত এই মামলাকে ‘নিছক একটি কপট প্রচারণামূলক কর্মকাণ্ড’ বলে দাবি করেছে।

উপসাগরীয় দেশটি আরএসএফকে সমর্থন দেয়ার অভিযোগ অস্বীকার করেছে।

গত মাসে নুসেইবেহ প্রার্থিতা ঘোষণার পর শুক্রবারের নিরাপত্তা পরিষদের এই প্রাথমিক ভোট ছিল প্রথম, যেখানে প্রতিটি প্রার্থী স্থায়ী সদস্যদের কাছ থেকে কতটি ‘সমর্থনমূলক’ বা ‘অসমর্থনমূলক’ ভোট পেয়েছেন, তা প্রকাশ করা হয়েছে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে একটি আনুষ্ঠানিক ভোটের প্রয়োজন হবে। কোনো একজন প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল বলে প্রতীয়মান হলে এই ভোট অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে অন্তত ৯টি ইতিবাচক ভোট পেতে হবে এবং স্থায়ী সদস্যদের কারও কাছ থেকে ‘অসমর্থনমূলক’ ভোট পাওয়া যাবে না।

নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জাতিসংঘের নেতৃত্বে একজন নারীকে দেখতে প্রচারণা চালানো সংগঠন ‘১ ফর ৮ বিলিয়ন’-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নুসেইবেহ মোট ৭টি ‘সমর্থনমূলক’ ভোট, দুটি ‘কোনো মতামত নেই’ ভোট এবং ৬টি ‘অসমর্থনমূলক’ ভোট পেয়েছেন। তার বিরুদ্ধে ভোট দেয়া ৩টি দেশের মধ্যে নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্যও রয়েছে।

এই ফলাফলে আটজন প্রার্থীর মধ্যে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান ১০টি ‘সমর্থনমূলক’ ভোট, ১টি ‘কোনো মতামত নেই’ ভোট এবং ৪টি ‘অসমর্থনমূলক’ ভোট পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। তার বিরুদ্ধে আসা ৪টি অসমর্থনমূলক ভোটের মধ্যে দুটি এসেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছ থেকে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করছে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পালিয়ে আসা ইউরোপীয় শরণার্থীদের সন্তান গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনিও জাতিসংঘের প্রথম নারী এবং প্রথম ইহুদি মহাসচিব হবেন। ৮টি প্রাথমিক ভোটের মধ্যে ৭টিতেই জাতিসংঘের এই অভিজ্ঞ কর্মকর্তা এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট শীর্ষে ছিলেন।

তিনটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে গ্রিনস্প্যানের ভোটের ফলাফল নিশ্চিত করেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছ থেকে ৩টি ‘অসমর্থনমূলক’ ভোট পেয়েছেন। অন্যদিকে গায়ানার জাতিসংঘের রাষ্ট্রদূত ক্যারোলিন রড্রিগেস-বির্কেট পেয়েছেন ২টি।

‘১ ফর ৮ বিলিয়ন’-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান গ্রোসি সামগ্রিকভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি ৮টি সমর্থনমূলক ভোট, ১টি ‘কোনো মতামত নেই’ ভোট এবং ৬টি অসমর্থনমূলক ভোট পেয়েছেন। তার বিরুদ্ধে আসা ৬টি ভোটের মধ্যে ৩টি দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা।

আগস্টে অনুষ্ঠিত দ্বিতীয় প্রাথমিক ভোটে শীর্ষে থাকা রড্রিগেস-বির্কেট শুক্রবারের ভোটে নুসেইবেহর পেছনে থেকে চতুর্থ স্থানে রয়েছেন। অ্যাডভোকেসি গ্রুপটির তথ্য অনুযায়ী, তিনি ৬টি ‘সমর্থনমূলক’ ভোট, ৩টি ‘কোনো মতামত নেই’ ভোট এবং ৬টি ‘অসমর্থনমূলক’ ভোট পেয়েছেন। তার বিরুদ্ধে আসা ২টি ভোট নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছ থেকে এসেছে।

জাতিসংঘ নেতৃত্বশূন্য হয়ে পড়তে পারে

শুক্রবারের প্রাথমিক ভোটের ফলাফল এমন সম্ভাবনা তৈরি করেছে যে, ৩১ ডিসেম্বর গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ নেতৃত্বশূন্য হয়ে পড়তে পারে। কূটনীতিকেরা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

গুতেরেসের উত্তরসূরিকে একাধিক সংকট মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি যুদ্ধ, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের আর্থিক অনুদান কমিয়ে দেয়া এবং ১৯৩ সদস্যের এই সংস্থার রাজনৈতিক প্রাসঙ্গিকতা কমে যাওয়া। কারণ, ওয়াশিংটন জাতিসংঘের কয়েক ডজন সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

বিশ্লেষকদের মতে, উত্তরসূরি নির্বাচন করতে ব্যর্থ হওয়ার পেছনে আংশিকভাবে দায়ী দীর্ঘ ও অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, যা গোপন ব্যালটের ওপর নির্ভরশীল। এই প্রক্রিয়া সেই ধীরগতি ও অচলাবস্থারই প্রতিফলন, যা পরবর্তী মহাসচিবকে দূর করতে হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২০১৬ সালে গুতেরেসকে নির্বাচিত করতে নিরাপত্তা পরিষদকে ছয় দফা ভোট গ্রহণ করতে হয়েছিল।

আরও মৌলিকভাবে, পর্যবেক্ষকদের মতে, এই অচলাবস্থা ভেটো ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সমঝোতায় পৌঁছানোর আগ্রহ কমে যাওয়ার বিষয়টি প্রকাশ করছে। জাতিসংঘকে ক্রমশ পাশ কাটিয়ে চলা এবং নিজেদের বৈদেশিক সম্পৃক্ততা নিয়ে ব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রশাসনের কারণে এই পরিস্থিতি আরও জটিল হয়েছে।

নিরাপত্তা পরিষদের কার্যক্রম পর্যবেক্ষণকারী থিংক ট্যাংক ‘সিকিউরিটি কাউন্সিল রিপোর্ট’-এর নির্বাহী পরিচালক শামালা কান্দিয়াহ থম্পসন বলেন, উদ্বেগের বিষয় হলো, বছরের এতটা দেরি হয়ে গেছে এবং এর ফলে একটি দল গঠন করার ক্ষেত্রে কী প্রভাব পড়বে। সবকিছু এত আগে শুরু হওয়া সত্ত্বেও আমাদের এখন এই অবস্থায় থাকার কথা নয়।

রাশিয়া এমন কয়েকটি দেশের মধ্যে একটি, যারা প্রকাশ্যে সময়সীমা নিয়ে কথা বলেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা কিরিল লগভিনভ গত সপ্তাহে রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, ৩১ ডিসেম্বরের পর কী ঘটবে, সেটিও স্পষ্ট নয়।

তিনি বলেন, বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে রয়েছে সাময়িকভাবে গুতেরেসের মেয়াদ বাড়ানো অথবা অন্য কোনো কর্মকর্তাকে এই পদে নিয়োগ দেয়া।

জাতিসংঘের সাবেক কর্মকর্তা ড্যানিয়েল সাফরান-হন বলেন, আমি যতটুকু বুঝতে পারছি, ১ জানুয়ারি যদি কোনো মহাসচিব না থাকেন, তাহলে দায়িত্বে কেউ থাকবেন না।

তবে তিনি বলেন, জাতিসংঘের কার্যক্রম বন্ধ হবে না। নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের বৈঠক অন্তত কিছু সময়ের জন্য চলতে পারবে।

তিনি বলেন, তবে বিষয়টি অনেকটা এমন একটি বিশাল তেলবাহী জাহাজের মতো, যার ক্যাপ্টেন মারা গেছেন। প্রথম কর্মকর্তা অনেক কিছু করতে পারেন, কিন্তু কিছু নির্দিষ্ট কাজ তিনি করতে পারবেন না। তিনি জ্যেষ্ঠ পদে নিয়োগ দিতে পারবেন না। বাজেটও নির্ধারণ করতে পারবেন না।

 
ইত্তেফাক/আরএইচ