‘সন্তান-প্রীতি’তে মন সাবেক প্রেস সেক্রেটারির, ট্রাম্পের আক্ষেপ—আমাকে কম ভালোবাসে!

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৬:৪২

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কাজের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব পালনে ক্যারোলিনের অসামান্য দক্ষতার কথা তুলে ধরে তিনি জানান, তার যোগ্য বিকল্প খুঁজে পাওয়া এখন রীতিমতো কঠিন হয়ে পড়েছে।

তবে পরিবারকে সময় দিতে হোয়াইট হাউস ছেড়ে যাওয়া এই কর্মকর্তাকে নিয়ে মজার ছলে অভিযোগও করেছেন ট্রাম্প; রসিকতা করে বলেছেন, ক্যারোলিন তাকে যতটা ভালোবাসেন, তার চেয়েও বেশি ভালোবাসেন নিজের সন্তানকে।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজের ‘স্যাটারডে ইন আমেরিকা’ অনুষ্ঠানে উপস্থাপক কেইলি ম্যাকএনানির সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্যারোলিন লেভিটের প্রশংসায় ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন অসাধারণ ছিল। সে একটা বড় সমস্যা তৈরি করে গেছে, আমি তাকে সরাসরিই কথাটা বলেছি।’ তার শূন্যস্থান পূরণ করা কতটা কঠিন তা বোঝাতে গিয়ে প্রেসিডেন্ট যোগ করেন, ‘সে এতটাই ভালো ছিল যে এখন তার জায়গায় কাকে বসাবেন, বলুন তো? তার কথার জাদু ছিল সত্যিই অসাধারণ।’

সম্প্রতি ফক্স নিউজের সঙ্গে ক্যারোলিনের নতুন পথচলাকেও স্বাগত জানিয়েছেন ট্রাম্প। তার মতে, ফক্স নিউজে যুক্ত হওয়ার কারণে খুব শিগগিরই তাকে টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যাবে এবং তিনি একজন জনপ্রিয় তারকা হয়ে উঠবেন।

আলাপচারিতার একপর্যায়ে মজা করে ট্রাম্প বলেন, ‘সে আমাকে যতটা ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে নিজের সন্তানকে। এটা তো খুবই খারাপ! তবে সে দারুণ করছে। এখন সে ফক্সের সঙ্গে যুক্ত হয়েছে, নিশ্চিতভাবেই সে তারকা হয়ে উঠবে।’

উল্লেখ্য, মাতৃত্বের দায়িত্ব ও কর্মজীবনের তীব্র ব্যস্ততার মধ্যে ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ থেকে গত আগস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্যারোলিন লেভিট। ২০২৬ সালের ১ মে দ্বিতীয় সন্তান ভিভিয়ানার মা হন তিনি। মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরলেও পরবর্তীতে দুই ছোট সন্তানকে আরও বেশি সময় দেওয়ার তাগিদ অনুভব করেন।

সে সময় লেভিট জানিয়েছিলেন, হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ পদের চাপ সামলে সন্তানদের প্রাপ্য সময় দেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ছিল, তাই পরিবারকে অগ্রাধিকার দিয়েই এমন সিদ্ধান্ত নেন। প্রেস সেক্রেটারি থাকাকালীন মা হওয়ার অভিজ্ঞতাকে তিনি তার জীবনের ‘সবচেয়ে আনন্দময়, অথচ সবচেয়ে চ্যালেঞ্জিং সময়’ হিসেবে বর্ণনা করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পও সে সময় পরিবারের প্রতি ক্যারোলিনের এই দায়বদ্ধতাকে সম্মান জানিয়ে তার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছিলেন।  

তথ্যসূত্র: এনডিটিভি

ইত্তেফাক/এনএ