বাড়ির সামনে কাফনে মোড়ানো পুতুল, শ্রীপুরে আতঙ্ক

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৭:০৫

গাজীপুরের শ্রীপুরে বাড়ির প্রধান ফটকের সামনে কাফনে মোড়ানো পুতুল, বেলগাছের কাঁটা, গোলাপজল ও মোমবাতি রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অস্বাভাবিক এই দৃশ্য দেখতে সকাল থেকেই বাড়িটির সামনে ভিড় করছেন স্থানীয় লোকজন। কেউ ছবি তুলছেন, কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা একটি বৃত্তের মধ্যে যোগচিহ্ন সদৃশ দাগ দেওয়া ছিল। এর মাঝখানে কাফনের কাপড় পরানো খড়ের পুতুল রাখা হয়। পুতুলটির বুকে গেঁথে দেওয়া হয় বেলগাছের কাঁটা। পাশে গোলাপজলের বোতল, মোমবাতি ও আগরবাতি রাখা ছিল। পুতুলের শরীর ও আশপাশে ছড়িয়ে ছিল লাল রং।

বাড়ির মালিক আলী হোসেন বলেন, তিনি ও তার স্ত্রী ওই বাড়িতে থাকেন। বাড়ির চারপাশে সীমানাপ্রাচীর রয়েছে। সকালে ফজরের নামাজ পড়ে বাড়ির প্রধান ফটক খুলতেই এমন দৃশ্য দেখতে পান তিনি।

আলী হোসেন বলেন, গেটের সামনে আটা বা ময়দা দিয়ে বড় একটি বৃত্ত আঁকা ছিল। বৃত্তের ভেতরে ক্রসের মতো দুটি দাগ দেওয়া ছিল। সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি কাফনে মোড়ানো পুতুল রাখা হয়। পুতুলটির বুকে ১৫ থেকে ২০টি বেলগাছের কাঁটা গাঁথা ছিল। সাদা কাপড়ে লাল রং ছড়িয়ে দেওয়া হয়। পুতুলটির বাঁ হাত ও বাঁ পা বাঁধা ছিল। পাশে গোলাপজলের বোতল ও আগরবাতির প্যাকেটও পাওয়া যায়।

তিনি আরও বলেন, পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে মনে হচ্ছে। সেখানে আগরবাতির ছাইও পড়ে ছিল। তবে কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। কারও সঙ্গে তার শত্রুতাও নেই।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বাড়িটির সামনে উৎসুক মানুষের ভিড় জমে। কেউ কেউ ঘটনাটিকে কালো জাদু বা তন্ত্রমন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করছেন। আবার অনেকে মনে করছেন, বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের ভয় দেখাতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে ঘটনার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন বলেন, আলী হোসেন তাকে ডেকে বাড়ির ফটকের সামনে অস্বাভাবিক জিনিসগুলো দেখিয়েছেন। তার জানামতে, ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে এমন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, এ ধরনের সামগ্রী সাধারণত মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে জাদুটোনার কাজে ব্যবহার করা হয় বলে ধারণা করা হয়। ইসলামে জাদু ও শিরক সম্পর্কে কঠোর সতর্কতা রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এমন ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

 
ইত্তেফাক/এমএএম