রংপুরে চুরির অভিযোগে যুবককে পি’টিয়ে হ’ত্যা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৭:৩০

রংপুরের বদরগঞ্জ উপজেলায় মুরগির খামারে চুরির অভিযোগে মকবুল হোসেন (৩৫) নামের যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মারধরের পর রোববার (২২ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে এদিন ভোররাতে উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের দলুয়ায় চুরির অভিযোগে তাকে মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মকবুল দিনাজপুর পার্বতীপুর উপজেলার হরিরামপুর পলিপাড়া মৌবিরডাঙ্গার সবুজ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে দলুয়া এলাকার সিপি বাংলাদেশ নামের একটি মুরগির খামারে ঢুকে বৈদ্যুতিক মোটরসহ কিছু মালামাল চুরি করেন মকবুল। এ সময় খামারের লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করেন স্থানীয় জনতা এবং গণপিটুনি দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুই বলেন, ‘মকবুল হোসেন নামের একজনকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, চুরি করতে গিয়ে মকবুল স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। পরে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি