শিরোপা জয়ের পর জ্ঞান হারালেন লিয়ান্দ্রো পারেদেস

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৭:৪১

কোপা সুদামেরিকানার শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স। এরপরই দুশ্চিন্তায় পড়ে গেছে ক্লাবটি। শিরোপা জয়ের পর সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান বোকা জুনিয়র্সের আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। কলম্বিয়ার বারানকিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে অসুস্থ হয়ে পড়েন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

অ্যাতলেতিকো মিনেইরোর বিপক্ষে ২-০ গোলের জয়ের মধ্য দিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জেতে বোকা জুনিয়র্স। এটি ক্লাবটির হয়ে পারেদেসের প্রথম আন্তর্জাতিক শিরোপা। তবে শিরোপা জয়ের পর ডিএসপোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে টানেলে পড়ে যান তিনি।

ঘটনার পরপরই পারদেসকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। কয়েক সেকেন্ড পর জ্ঞান ফিরে পেলে নিজেই উঠে দাঁড়ান এবং হেঁটে দলের ড্রেসিংরুমে যান। তবে শারীরিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করার জন্য কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে তাকে কাছের একটি ক্লিনিকে নেওয়া হয়।

পারেদেসের অসুস্থতার কারণে আর্জেন্টিনার উদ্দেশে বোকা জুনিয়র্সের দলের যাত্রাও বিলম্বিত হয়। সতীর্থের পাশে থাকতে দলের সবাই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।

পারেদেসের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। তবে কয়েক ঘণ্টা পর হাসপাতাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। স্ট্রেচারে শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করে পারেদেস লেখেন, ‘আমরা ভালো আছি। ভামোস বোকা! আজ এবং সব সময়।’ 

আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ফাইনাল চলাকালেই বারানকিয়ার তীব্র গরম ও আর্দ্রতার সঙ্গে লড়াই করতে হচ্ছিল পারেদেসকে। আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন তিনি।

দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে নিজেই বদলি হওয়ার অনুরোধ জানান এই মিডফিল্ডার। পরে তার জায়গায় মাঠে নামেন তোমাস বেলমন্তে।

মাঠ ছাড়ার পর বদলি বেঞ্চে বসেই সতীর্থদের কাছ থেকে চিকিৎসাসেবা নেন পারেদেস। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সতীর্থ আদাম বারেইরো ও রদ্রিগো বাত্তালিয়া নিজেদের জার্সি দিয়ে তাকে বাতাস করতে থাকেন। একই সঙ্গে তাঁর ঘাড়ের পেছনে বরফের প্যাক দেওয়া হয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন কোচ রোদলফো আরুয়াবারেনা। তিনি জানান, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হওয়ায় পারেদেস নিজেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কোচ বলেন, ‘আমি তাকে ড্রেসিংরুমে যেতে দেখেছি। প্রথমার্ধের শেষ দিকে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল এবং সে ক্লান্ত বোধ করছিল। বিরতির পর কিছুটা উন্নতি হলেও দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর থেকেই বোঝা যাচ্ছিল, সে বল দুই প্রান্তে পাঠাতে সমস্যায় পড়ছে। সে খুবই সৎ এবং নিজেই বদলি হওয়ার অনুরোধ করেছে। একটু আগেই জানতে পেরেছি, তার শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছিল।’

ইত্তেফাক/জেডএইচ