সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮:১৭

সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, জাহাজ সংগ্রহ এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যক্ষমতা বাড়াতে ইতালি সরকারের সহযোগিতার কথা স্মরণ করে মন্ত্রী দেশটির নৌবাহিনীর চারটি ‘মিনার্ভা ক্লাস’ করভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে দেওয়ায় ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে।

বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে উপযুক্ত দেশ থেকে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি বাংলাদেশসহ সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) ও মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সম্পন্ন করেছে। আগামী বছর এ কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

এ ছাড়া বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের ইতালিতে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে সার্চ অ্যান্ড রেসকিউ, ভিজিট, বোর্ড, সার্চ অ্যান্ড সিজার, ড্রোন পরিচালনা এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস ও ডেটা বিশ্লেষণ।

ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, অ্যারোস্পেস প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে দুই বাহিনীর সমন্বয় ও কার্যক্ষমতা বাড়ানোর বিষয়েও একমত হন অংশগ্রহণকারীরা।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম