ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায়ের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট তিন সদস্যের একটি দল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও এবং কুড়িল টোল প্লাজায় অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, অভিযানকালে দুদক টিম টোল আদায় ও যানবাহন গণনার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা এবং টোল আদায় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে বলে প্রাথমিকভাবে টিমের কাছে মনে হয়েছে।
দুদক সূত্রে আরও জানা যায়, যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে কত টাকা টোল আদায় করা হয়েছে এবং সরকারের কত টাকার রাজস্ব ক্ষতি হয়েছে সেই অভিযোগ যাচাই-বাছাই করছে দুদক টিম। অভিযোগের বিষয়ে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আরও রেকর্ডপত্র তলব করেছে দুদক টিম। সংগৃহীত তথ্য ও নথিপত্র বিস্তারিত পর্যালোচনা এবং বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। সরকারের সঙ্গে টোল আদায়কারী প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোলের ২৫ শতাংশ সরকার পাবে। অন্যদিকে দৈনিক চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে। কিন্তু পুলিশের বিশেষ শাখার অনুসন্ধানে দৈনিক প্রায় এক লাখ যানবাহনের কথা বলা হয়েছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে, সংখ্যাটি ৭০ থেকে ৭৫ হাজার। এমন অভিযোগ খতিয়ে দেখতেই দুদক আজ অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে।
