শেয়ারবাজারে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ১২শ কোটি টাকা ছাড়ালো

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৯:২১

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। একই সঙ্গে উল্লেখযোগ্য হারে বেড়েছে লেনদেন। এদিন ডিএসইতে ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বাজারটির মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দেশের দুই শেয়ারবাজারেই সূচকের উত্থান অব্যাহত রয়েছে। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে।

রোববার (২২ নভেম্বর) ডিএসইতে লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। এতে দিনের শুরুতেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। বরং শেষ দিকে দাম বাড়ার গতি আরও বেড়ে যায়।

দিন শেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২১২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

বিভিন্ন শ্রেণির প্রতিষ্ঠানের মধ্যে ভালো মানের বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর ১১৮টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির দাম বেড়েছে, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে দুটির।

এ ছাড়া ‘জেড’ গ্রুপের ৪৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে পাঁচটির দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ পয়েন্টে উঠেছে।

সূচকের পাশাপাশি লেনদেনেও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। রোববার ডিএসইতে ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।

এর আগে গত ২ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর রোববারই সর্বোচ্চ লেনদেনের দেখা মিলেছে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেন হয়েছে ৪৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার। আর ৩৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।

অন্যদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২০ কোটি ৫৭ লাখ টাকা। আগের কার্যদিবসে এ বাজারে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ইত্তেফাক/এমএএম