প্রায় পাঁচ বছর আগে পথ ভুলে বাংলাদেশে প্রবেশ করা নেপালের এক যুবককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তের শূন্যরেখা দিয়ে তার প্রত্যাবাসন সম্পন্ন হয়।
ফেরত পাঠানো ওই যুবকের নাম খায়রুদ্দিন আনসারী (২৯)। তিনি নেপালের প্রদেশ-২-এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারীর ছেলে।
প্রত্যাবাসনের সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সুরাজ আমগাইন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাংলাবান্ধা বিওপির সদস্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফুলবাড়ী ক্যাম্পের সদস্য এবং বাংলাবান্ধা ও ফুলবাড়ী ইমিগ্রেশন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এ সময় খায়রুদ্দিনের পরিবারের কোনো সদস্য সেখানে ছিলেন না। নেপাল দূতাবাসের সেক্রেটারি সুরাজ আমগাইন তাকে নেপাল সীমান্তে নিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন বলে জানানো হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, খায়রুদ্দিন আনসারী নামের ওই নেপালি যুবক প্রায় পাঁচ বছর আগে ভারত হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাংলাদেশে প্রবেশের পর কুষ্টিয়া জেলায় এক ব্যক্তির পরিবারের সঙ্গে থাকতেন।
তিনি আরও বলেন, খায়রুদ্দিন কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন, তা বলতে পারতেন না। তবে তিনি নিজেকে নেপালি হিসেবে পরিচয় দিতে পারতেন এবং তার ভাইয়ের একটি ফোন নম্বর মনে রাখতে পেরেছিলেন। ওই নম্বরের সূত্র ধরে খোঁজখবর নেওয়া হয়। পরে দুই দেশের দূতাবাসের উদ্যোগে তাকে নেপালে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে নিজ দেশে পাঠানো হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, এ ধরনের বিষয়ে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস পর্যায়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত হওয়ার পর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে প্রত্যাবাসন করা হয়। তবে বিষয়টি সীমান্তসংশ্লিষ্ট হওয়ায় কাগজপত্র যাচাই সাপেক্ষে বিজিবি এতে সহযোগিতা করেছে।
জানা গেছে, খায়রুদ্দিন আনসারী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পলাশ আহমেদের বাড়িতে প্রায় চার বছর ছিলেন। ওই পরিবারের কাছে তিনি রিয়ান আনসারি নামে পরিচিত ছিলেন। শনিবার দুপুরে ফিলিপনগরে পৌঁছান বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের একটি প্রতিনিধিদল। পরে দূতাবাসের গাড়িতে করে খায়রুদ্দিন আনসারীকে নিয়ে যাওয়া হয়।
