ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হওয়া পাঁচজনের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাসের অভিযোগে রোববার (২২ নভেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাঁচজন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নিজেদের পরিচয় পরিবর্তন করে হিন্দু পরিচয়ে বসবাস করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগও উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর রাতে দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় একটি কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার তদন্তে নেমে পরদিন পাঁচজনকে আটক করে হিলি থানার পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তাদের পরিচয় ও ভারতে প্রবেশের বিষয়টি তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য পাওয়া যায়। পরে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।
এদিকে, সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে রোববার দুপুরে তাদের বসতঘরগুলো ভেঙে ফেলা হয়। এ সময় পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান ঘিরে এলাকায় মানুষের ভিড় জমে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
