বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, জীবনে আর বিয়ে না করার ঘোষণা যুবকের

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২১:১৫

চার বছরের দাম্পত্য জীবনের অবসানের পর দুধ দিয়ে গোসল করে জীবনে আর বিয়ে না করার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মামুন নামের এক যুবক। রোববার (২২ নভেম্বর) তার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, মামুন দুধ দিয়ে গোসল করছেন। এ সময় জীবনে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেছিলেন মামুন। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ও অশান্তি লেগেই ছিল। দীর্ঘদিনের এই পারিবারিক অশান্তির জেরে সম্প্রতি উভয় পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। মূলত এই বিচ্ছেদের পরপরই ব্যতিক্রমীভাবে দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন ওই যুবক।

এ বিষয়ে মামুনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, তার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করেছেন বলে তিনি শুনেছেন। এ ধরনের একটি ভিডিও তিনিও দেখেছেন।

ইত্তেফাক/এমএসআর