সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ: পুলিশ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২২:২৮

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ কর্মীকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার রুহুল আমিনের ছেলে মো. আলামিন ওরফে মুন্না, একই এলাকার এনামুল হকের ছেলে মো. সাইফ ওরফে পিকু এবং দীঘিনালা উপজেলার মোহাম্মদ ওমর ফারুক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের পরিচয় শনাক্তের কাজও অব্যাহত রয়েছে।

ওসি কায় কিসলু বলেন, ‘সাদিক কায়েমের বাবা আবুল কাশেম এ ঘটনায় থানায় মামলা করেন। প্রাথমিকভাবে জড়িত ব্যক্তিদের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আটকে পুলিশি অভিযান চলছে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চারজন ব্যক্তি বাজারের ব্যাগে করে কেরোসিন ও পেট্রোল নিয়ে জেলা সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আসেন। পরে তারা বাড়ির চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এসময় অগ্নিসংযোগের দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাদিক কায়েমের মা-বাবা, বোনসহ পরিবারের সদস্যদের ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা পরিবারের সদস্যদের নিরাপত্তার আশ্বাস দেন।

ইত্তেফাক/এমএস