সদর উপজেলার বক্তাবলীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ নভেম্বর) সদর উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এই অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি ইটভাটার স্থাপনা ভেকু দিয়ে আংশিক গুঁড়িয়ে দেওয়া হয় এবং বাকি দুটি ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স এনবিএম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ সহকারী পরিচালক রাসেল মাহমুদ উপস্থিত ছিলেন।
এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
নারায়ণগঞ্জ জেলায় বায়ুদূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
