গঙ্গার পানি শুধু একটি নদীর পানি নয়, এটি বাংলাদেশের কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ, জীববৈচিত্র্য, নদীনির্ভর অর্থনীতি এবং কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। একই সঙ্গে এটি ভারত ও বাংলাদেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। মেয়াদ শেষে এই চুক্তির নবায়ন কিংবা নতুন চুক্তির বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতির প্রশ্নটি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। প্রশ্ন হচ্ছে, চুক্তিটি কি বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? কোথায় এর সীমাবদ্ধতা ছিল? আর আগামী দিনের চুক্তিতে কী কী পরিবর্তন আনা জরুরি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আবেগের পরিবর্তে ইতিহাস, চুক্তির শর্ত, নদীর পানিপ্রবাহ এবং দুই দেশের মানুষের স্বার্থকে একসঙ্গে বিবেচনা করতে হবে।
চুক্তিটি ভারতের ফারাক্কা ব্যারাজে গঙ্গার পানিপ্রবাহের ভিত্তিতে করা হয়েছিল। প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে- এই পাঁচ মাসের শুষ্ক মৌসুমে দুই দেশ পানির হিস্যা পাবে। ১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এই চুক্তিতে একই ধরনের নির্দিষ্ট হিসাবভিত্তিক বণ্টনসূচি রাখা হয়নি। চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদ এবং প্রথম সংযোজনীতে পানিবণ্টনের মূলসূত্র নির্ধারণ করা হয়।
পানি বণ্টনের যে সূত্র নির্ধারণ করা হয়েছে, তা সহজভাবে বলতে গেলে, ফারাক্কায় পানির প্রাপ্যতার ওপর ভিত্তি করে তিনটি নিয়মে পানি ভাগ করার কথা বলা হয়েছে। পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে ভারত ও বাংলাদেশ সমান ভাগে পানি পাবে। প্রবাহ ৭০ থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং ভারত পাবে অবশিষ্ট পানি। আর পানির প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক, বাংলাদেশ পাবে অবশিষ্ট পানি। এছাড়া মার্চ থেকে মে মাসের নির্দিষ্ট ছয়টি ১০ দিনের পালায় দুই দেশের প্রত্যেকের জন্য ৩৫ হাজার কিউসেক পানির নিশ্চয়তা রাখা হয়েছে। অর্থাৎ, চুক্তিতে পানি বণ্টনের একটি গাণিতিক কাঠামো তৈরি করা হলেও বাংলাদেশের প্রাপ্তি অনেকাংশে ফারাক্কায় পানির মোট প্রবাহের ওপর নির্ভরশীল। চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার কথা থাকলেও শুষ্ক মৌসুমে গঙ্গার পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশের কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকার ওপর কী ধরনের প্রভাব পড়ে, সেটিও মূল্যায়ন করা প্রয়োজন। চুক্তির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল। যেমন ফারাক্কা ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহের তথ্য সংগ্রহ ও বিনিময়ের ব্যবস্থা থাকবে, দুই দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত যৌথ কমিটি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে এবং প্রতি বছর প্রতিবেদন দেবে, প্রয়োজন হলে পাঁচ বছরের আগেও চুক্তি পর্যালোচনার সুযোগ থাকবে। ন্যায্যতা, সমতা এবং কোনো পক্ষের ক্ষতি না করার নীতির ভিত্তিতে পরিবর্তন বিবেচনা করা যাবে; পর্যালোচনার পর সমন্বয় নিয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য না হলে বাংলাদেশকে নির্ধারিত হিস্যার অন্তত ৯০ শতাংশ পানি ছাড়ার বিধান ছিল এবং চুক্তিটি ৩০ বছরের জন্য করা হয় এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নের সুযোগ রাখা হয়। অর্থাৎ চুক্তিতে শুধু পানিবণ্টনের হিসাব ছিল না; তথ্য আদান-প্রদান, যৌথ তদারকি, বিরোধ নিষ্পত্তি এবং ভবিষ্যতে পানির প্রবাহ বাড়ানোর সহযোগিতার কথাও ছিল।
১৯৯৬ সালের চুক্তির একটি বড় অর্জন হলো, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি নিয়ে একটি দীর্ঘমেয়াদি লিখিত কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে বিভিন্ন সময়ে অস্থায়ী সমঝোতা ও চুক্তি হয়েছে। ১৯৭৭ সালের পাঁচ বছর মেয়াদি চুক্তিতে বাংলাদেশের জন্য একটি গ্যারান্টি ক্লজ ছিল। ১৯৯৬ সালের চুক্তিতে পানিবণ্টনের নতুন সূত্র এলেও আগের সেই গ্যারান্টির কাঠামো একইভাবে বহাল থাকেনি বাংলাদেশের প্রাপ্তি কয়েকটি দিক থেকে বিবেচনা করা যায়। শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য নির্দিষ্ট বণ্টনসূত্র প্রতিষ্ঠিত হয়েছে। মার্চ থেকে মে মাসের তিনটি নির্ধারিত ১০ দিনে ৩৫ হাজার কিউসেকের বিশেষ নিশ্চয়তা যুক্ত হয়েছে। দুই দেশের মধ্যে পানি নিয়ে আলোচনার জন্য যৌথ কমিটির প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়েছে। গঙ্গার পানিবণ্টনকে কেবল রাজনৈতিক বক্তব্যের বিষয় না রেখে একটি লিখিত আন্তর্জাতিক চুক্তির আওতায় আনা হয়েছে। তবে এই অর্জনকে বাংলাদেশের সব প্রত্যাশা পূরণের ক্ষেত্রে সমান বলা যাবে না; যেমন-চুক্তির পানিবণ্টন সূত্রে বাংলাদেশের জন্য সার্বিক ও অবিচ্ছিন্ন ন্যূনতম পানিপ্রবাহের নিশ্চয়তা নেই। ৩৫ হাজার কিউসেকের নিশ্চয়তা কেবল নির্দিষ্ট তিনটি ১০ দিনের জন্য। দ্বিতীয়ত, চুক্তির ভিত্তি ছিল ১৯৪৯ থেকে ১৯৮৮ সালের গড় পানিপ্রবাহের তথ্য। গত কয়েক দশকে জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের ধরন, উজানের পানি প্রত্যাহার, নদীর নাব্য ও পানির চাহিদায় পরিবর্তন এসেছে। পুরোনো তথ্যের ভিত্তিতে তৈরি বণ্টনসূত্র নতুন বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা পুনর্মূল্যায়ন করা জরুরি। তৃতীয়ত, চুক্তিতে শুষ্ক মৌসুমের পানি ভাগাভাগি থাকলেও পুরো গঙ্গা অববাহিকার সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত হয়নি। উজানে পানি সংরক্ষণ, শুষ্ক মৌসুমে প্রবাহ বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ এবং নদীর পরিবেশগত প্রবাহের বিষয়গুলো আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা দরকার ছিল। ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা ব্যারাজ চালু হওয়ার পর বাংলাদেশের গঙ্গা-পদ্মার পানিপ্রবাহে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। বিশেষ করে শুষ্ক মৌসুমে (জানুয়ারি থেকে মে) ভারত ফারাক্কা পয়েন্টে পানি প্রত্যাহার করায় বাংলাদেশে পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যায়। এর প্রভাব শুধু পদ্মা নদীর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; পদ্মার শাখা-প্রশাখা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদনদীগুলোর ওপরও পড়েছে। বিশেষ করে, গড়াই নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীর তলদেশে পলি জমা, নাব্য হ্রাস এবং অনেক শাখা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে।
ফারাক্কার প্রভাব শুধু বাংলাদেশ নয়, নদীনির্ভর মানুষের জীবনও বিপর্যস্ত হয়েছে। ফারাক্কা ব্যারাজ নির্মাণের উদ্দেশ্য ছিল হুগলি-ভাগীরথী নদীর নাব্য বজায় রাখতে গঙ্গার পানি প্রবাহিত করা, যাতে কলকাতা বন্দরের নাব্য রক্ষা করা যায়। কিন্তু এই প্রকল্পের উজান ও ভাটির নদীব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তন নিয়ে বহু বছর ধরে বিতর্ক রয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রে শুষ্ক মৌসুমে গঙ্গা-পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ার সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সম্পর্ক রয়েছে। কৃষি ও সেচব্যবস্থা, নদীর নাব্য, লবণাক্ততা বৃদ্ধি এবং মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য নেতিবাচক প্রভাব। মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে কৃষক, জেলে, মাঝি, নৌযান শ্রমিক এবং নদীর ওপর নির্ভরশীল অন্যান্য পেশার মানুষ পানির স্বল্পতা ও নদীর পরিবর্তনের কারণে অর্থনৈতিক চাপে পড়েন। তবে এসব সমস্যার সবটুকু শুধু ফারাক্কা ব্যারাজের কারণে হয়েছে- এমন সিদ্ধান্ত বৈজ্ঞানিকভাবে সঠিক হবে না। জলবায়ু পরিবর্তন, উজানের অন্যান্য পানি প্রত্যাহার, পলি ব্যবস্থাপনা, বাংলাদেশের অভ্যন্তরীণ নদীশাসন এবং অবকাঠামোগত কারণও বিবেচনায় নিতে হবে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারের নদীতীরবর্তী মানুষেরও বন্যা, নদীভাঙন, পলি জমা, মৎস্যসম্পদ ও নদী ব্যবস্থাপনা নিয়ে সমস্যা রয়েছে। ফারাক্কা ও গঙ্গার সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় মানুষের উদ্বেগও উপেক্ষা করা যায় না। অর্থাৎ নদীর সমস্যাকে ভারত বনাম বাংলাদেশ হিসেবে দেখলে সমাধান পাওয়া কঠিন। নদীর উজান ও ভাটির মানুষকে একই ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
নবায়ন নিয়ে অগ্রগতি কতটুকু? এই মুহূর্তে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি ভারতের লোকসভায় এক প্রশ্নের উত্তরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা তখনো শুরু হয়নি। অন্যদিকে ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, বাংলাদেশ পুরোনো চুক্তি শুধু নবায়ন করতে চায় না; বরং গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি করতে আগ্রহী। ২৯ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গঙ্গার পানিবণ্টনসহ অভিন্ন নদীর বিষয়গুলো যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা করা হবে এবং কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এরপর ২ নভেম্বর ২০২৬ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছেন। পানিসম্পদমন্ত্রী ও সরকারের অর্থবিষয়ক উপদেষ্টা আলোচনার প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। দুই দেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে এবং আনুষ্ঠানিক আলোচনাও হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। অতএব, বলা ঠিক হবে না যে একেবারেই কোনো অগ্রগতি নেই। তবে এটাও সত্য যে ২২ নভেম্বর পর্যন্ত প্রকাশ্যে পাওয়া তথ্য অনুযায়ী নতুন চুক্তির চূড়ান্ত শর্ত, স্বাক্ষরের তারিখ কিংবা বাংলাদেশের কাঙ্ক্ষিত পানির নিশ্চয়তা নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসেনি। সময় অত্যন্ত সীমিত। ১২ ডিসেম্বরের আগে কার্যকর সমঝোতা না হলে দুই দেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা তৈরি হতে পারে।
নতুন চুক্তি শুধু পুরোনো চুক্তির মেয়াদ বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। গত ৩০ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কয়েকটি মৌলিক পরিবর্তন আনা জরুরি।
যেমন, পানির ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা। বাংলাদেশের জন্য শুষ্ক মৌসুমে একটি বাস্তবসম্মত ন্যূনতম পানিপ্রবাহ নির্ধারণ করতে হবে এবং নতুন বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পানিবণ্টন হওয়া বাঞ্ছনীয়। ফারাক্কায় কত পানি প্রবেশ করছে, ভারত কতটুকু নিচ্ছে এবং বাংলাদেশে কতটুকু ছাড়ছে- এসব তথ্য প্রতিদিন দুই দেশের কাছে থাকতে হবে। হার্ডিঞ্জ ব্রিজসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথভাবে পানির পরিমাণ পরিমাপ করতে হবে। প্রতিটি ১০ দিনের হিসাব জনসাধারণের জন্যও প্রকাশ করা যেতে পারে।
অন্যদিকে বাংলাদেশ শুধু শুষ্ক মৌসুমে পানির অভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। বর্ষাকালে অতিরিক্ত পানিপ্রবাহ ও আকস্মিক বন্যাও কৃষি, অবকাঠামো ও জনজীবনে ক্ষতি করে। তাই নতুন ব্যবস্থাপনায় শুষ্ক মৌসুমে পানির নিশ্চয়তার পাশাপাশি বর্ষাকালের অতিরিক্ত প্রবাহ সম্পর্কে আগাম তথ্য, বন্যা পূর্বাভাস এবং সমন্বিত পানি ব্যবস্থাপনা যুক্ত করতে হবে। নতুন চুক্তিতে পরিবেশগত প্রবাহ বা Environmental Flow-কে গুরুত্ব দিতে হবে এবং কোনো পক্ষ চুক্তির শর্ত পালন না করলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা সুস্পষ্ট করতে হবে। শুধু আলোচনা বা পর্যালোচনার ওপর নির্ভর না করে সময়সীমাবদ্ধ বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনে নিরপেক্ষ আন্তর্জাতিক কারিগরি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া যেতে পারে। তবে গঙ্গার চুক্তি সম্পন্ন হলেই বাংলাদেশের সব নদীর পানিসংকট দূর হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নদীর জন্যও সময়সীমাবদ্ধ পানি বণ্টন ও অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা চুক্তির দিকে মনোনিবেশ করা দরকার।
বাংলাদেশের পানির অধিকার ভারতের স্বার্থের বিরোধী নয়। ভারত বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, নিরাপত্তা, বিদ্যুৎ, কৃষি ও পরিবেশসহ বহু ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। কিন্তু প্রতিবেশী সম্পর্কের স্থায়িত্বের জন্য পারস্পরিক স্বার্থের প্রতি শ্রদ্ধা থাকা জরুরি। ভারতের পশ্চিমবঙ্গ, বিহারসহ গঙ্গা অববাহিকার মানুষেরও পানির প্রয়োজন রয়েছে। কৃষি, পানীয় জল, শিল্প ও পরিবেশ রক্ষার জন্য ভারতেরও পানি দরকার। একইভাবে বাংলাদেশের কৃষক, জেলে, নদীতীরবর্তী মানুষ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশের স্বার্থও ভারতকে বিবেচনা করতে হবে। একটি দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অন্য দেশের মানুষের জীবন-জীবিকা বিপন্ন করা দীর্ঘ মেয়াদে কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। সমস্যার সমাধান হতে পারে যৌথ নদী ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, বর্ষার অতিরিক্ত পানি ব্যবহারের পরিকল্পনা, অববাহিকাভিত্তিক তথ্য বিনিময় এবং বিজ্ঞানভিত্তিক পানি বণ্টনের মাধ্যমে।
৩০ বছরের চুক্তি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। গঙ্গার পানি বণ্টন চুক্তির বছর পূর্ণ হওয়া শুধু একটি আন্তর্জাতিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঘটনা নয়। এটি বাংলাদেশের পানি কূটনীতি, কৃষি, পরিবেশ, খাদ্যনিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। গত চুক্তিতে বাংলাদেশ একটি লিখিত পানি বণ্টন কাঠামো পেয়েছে। কিন্তু সেই কাঠামো বাংলাদেশের সব প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির নিশ্চয়তা, নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশগত সুরক্ষা এবং অন্যান্য অভিন্ন নদীর ন্যায্য হিস্যা এখনো গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়। এখন বাংলাদেশের সামনে দুটি পথ। একটি হলো পুরোনো চুক্তিকে কোনো পরিবর্তন ছাড়াই নবায়ন করা। অন্যটি হলো গত ৩০ বছরের অভিজ্ঞতা, নতুন বৈজ্ঞানিক তথ্য এবং ভবিষ্যৎ পানির চাহিদার ভিত্তিতে একটি অধিকতর কার্যকর চুক্তি করা। দ্বিতীয় পথটি নিয়ে আলোচনা করতে হলে অবশ্যই উভয় দেশের স্বার্থ ও বাস্তবতাও বিবেচনায় রাখতে হবে। তবে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা ও পরিবেশগত নিরাপত্তার প্রশ্নে কোনো অস্পষ্টতা থাকা উচিত নয়।
নদীর কোনো রাজনৈতিক সীমান্ত নেই। উজানের পানি ভাটিতে আসে, আবার ভাটির নদীর পরিবেশগত পরিবর্তন পুরো অববাহিকাকে প্রভাবিত করে। নদীকে একতরফা নিয়ন্ত্রণের বিষয় হিসেবে না দেখে অভিন্ন সম্পদ হিসেবে বিবেচনা করাই দুই দেশের নীতি হওয়া উচিত। গঙ্গার পানি নিয়ে বিরোধ নয়, ন্যায্য বণ্টন ও যৌথ ব্যবস্থাপনাই হোক বাংলাদেশ-ভারত সম্পর্কের আগামী দিনের ভিত্তি। কারণ পানির প্রশ্নে আজকের সিদ্ধান্ত শুধু বর্তমান প্রজন্মের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও জীবিকারও প্রশ্ন।
লেখক: ফিকামলি তত্ত্বের জনক, বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক
