সম্ভাবনা আছে; কিন্তু কর্মসংস্থান কোথায়?

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০০

একজন তরুণ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করিয়াও চাকুরি পাইতেছেন না। নিয়োগকর্তা তাহাকে বলিতেছেন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা নাই। অথচ অভিজ্ঞতা অর্জনের জন্য প্রথম চাকুরিটি তাহার প্রয়োজন। এই অদ্ভুত বাস্তবতায় শিক্ষিত তরুণদের একটি বড় অংশের জীবন কর্মসংস্থানের অপেক্ষায় কাটিয়া যাইতেছে। প্রশ্ন হইল, একটি দেশের তরুণ জনগোষ্ঠী যখন কাজ করিবার যোগ্যতা ও আগ্রহ লইয়া প্রস্তুত, তখন তাহাদের জন্য কাজের ক্ষেত্র তৈরি হইতেছে না কেন? পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) সাম্প্রতিক গবেষণায় বাংলাদেশের কর্মসংস্থানের যে চিত্র উঠিয়া আসিয়াছে, তাহা উদ্বেগজনক। দেশে ১৫ হইতে ২৯ বৎসর বয়সি তরুণদের বেকারত্বের হার ৮ দশমিক ০৭ শতাংশ। স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে এই হার ১৩ দশমিক ৫ শতাংশ। নারী স্নাতকদের বেকারত্ব ২০ দশমিক ৪ শতাংশ। দেশে মোট ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। আরও উদ্বেগের বিষয়, কর্মরত তরুণদের ৯২ দশমিক ৭ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। অর্থাৎ কাজ পাইয়াও তাহাদের বড় অংশ আয়, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার নিশ্চয়তা পাইতেছেন না।

এই সংকটের ব্যাখ্যায় গবেষকেরা 'মিসিং মিডল' বা অনুপস্থিত মধ্যস্তরের কথা বলিয়াছেন। অর্থাৎ জাতীয় পর্যায়ে নীতি ও পরিকল্পনা রহিয়াছে, ব্যক্তিপর্যায়ে উদ্যোগ গ্রহণের আগ্রহও রহিয়াছে; কিন্তু এই দুইয়ের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রতিষ্ঠানগুলি কার্যকর নহে। স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র, ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি সেবাদানকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয়ের অভাবেই সম্ভাবনা বাস্তব কর্মসংস্থানে পরিণত হইতেছে না। বিষয়টি কেবল শিক্ষিত বেকারত্বের মধ্যে সীমাবদ্ধ নহে। নিয়োগকর্তারা দক্ষ কর্মী পাইতেছেন না, অথচ তরুণেরা কাজ শিখিবার সুযোগ পাইতেছেন না। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমের সহিত শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার দূরত্ব বাড়িতেছে। প্রশিক্ষণ দেওয়া হইতেছে, সনদ দেওয়া হইতেছে; কিন্তু কর্মক্ষেত্রে প্রবেশের সিঁড়িটি তৈরি হইতেছে না। শিক্ষানবিশি, ইন্টার্নশিপ ও হাতেকলমে প্রশিক্ষণকে শিক্ষাব্যবস্থার অপরিহার্য অংশ করিতে হইবে। প্রথম চাকুরিতে অভিজ্ঞতার শর্ত শিথিল করিবার বিষয়টিও নিয়োগকর্তাদের বিবেচনা করা প্রয়োজন।

উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও বাধার অন্ত নাই। নতুন ব্যবসায় শুরু করিতে গেলে ব্যাংক ঋণের জন্য জমির দলিল ও জামানত প্রয়োজন। সরকারি সেবা পাইতে বিলম্ব ও ঘুষের অভিজ্ঞতার কথা জানাইয়াছেন ৮০ শতাংশ তরুণ। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা থাকিলেও স্বামীর স্বাক্ষর কিংবা জমির দলিলের শর্ত অনেক ক্ষেত্রে তাহাদের পিছনে ফেলিতেছে। ডিজিটাল অর্থনীতিতে ফ্রিল্যান্সিংয়ের আয়কে ব্যাংকিং ব্যবস্থায় যথাযথ স্বীকৃতি দেওয়ার বিষয়টিও জরুরি। উদ্যোক্তা হইবার আগ্রহ থাকিলেই উদ্যোক্তা হওয়া যায় না। প্রয়োজন সহজ অর্থায়ন, প্রশাসনিক সহযোগিতা এবং ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ।

অঞ্চলভিত্তিক সম্ভাবনার অপচয়ও আমাদের চোখ খুলিয়া দেওয়ার মতো। রাজশাহীতে আম উৎপাদিত হইতেছে, অথচ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের অভাবে বিপুল ফল নষ্ট হইতেছে। নোয়াখালীতে সয়াবিন উৎপাদিত হইলেও স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা সীমিত। যশোরের হাই-টেক পার্কের ৩৮ শতাংশ জায়গা অব্যবহৃত পড়িয়া রহিয়াছে। চট্টগ্রামে শিল্পপ্রতিষ্ঠান দক্ষ কর্মী খুঁজিতেছে, অথচ স্থানীয় তরুণদের হাতেকলমে প্রশিক্ষণের সুযোগ অপ্রতুল। এই দিকে, বাংলাদেশের সামনে জনমিতিক সুবিধা কাজে লাগাইবার সময় সীমিত। এই সময়ে তরুণদের কর্মক্ষমতাকে উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করিতে না পারিলে ভবিষ্যতে ইহার মূল্য দিতে হইবে। কর্মসংস্থান সৃষ্টিকে প্রবৃদ্ধির স্বাভাবিক পরিণতি বলিয়া ধরিয়া লইলে চলিবে না। বিনিয়োগের পাশাপাশি স্থানীয় শিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তি, ক্ষুদ্র ব্যবসা ও সেবা খাতের বিকাশে কার্যকর প্রতিষ্ঠান গড়িয়া তুলিতে হইবে।

দেশের তরুণেরা কাজ চাহিতেছেন, উদ্যোক্তা হইতে চাহিতেছেন, নিজেদের যোগ্যতা প্রমাণ করিতে চাহিতেছেন। তাহাদের এই আকাঙ্ক্ষার পথে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাই যদি বাধা হইয়া দাঁড়ায়, তাহা হইলে তাহা হতাশার বটে। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাইবার মাধ্যমেই দেশের ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি তৈরি হইবে। সেই ভিত্তিকে শক্তিশালী করিবার দায়িত্ব সকলের। আমরা কেন প্রয়োজন অনুযায়ী সেই দায়িত্ব পালন করিতেছি না?

ইত্তেফাক/এমএস

এ সম্পর্কিত আরও পড়ুন