দক্ষিণ লেবাননে হামলা থামাচ্ছে না ইসরায়েল

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০

দক্ষিণ লেবাননের কান্তারা এলাকার উপকণ্ঠে বিস্ফোরক ব্যবহার করে স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২৩ নভেম্বর) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য জানিয়েছে।

এনএনএর প্রতিবেদন অনুযায়ী, এর আগে রোববার ইসরায়েলি বাহিনী জাওতার আল-শারকিয়াহ এলাকায় একটি বিস্ফোরণ ঘটায় এবং এর পরপরই কাফার তিবনিতে আরও একটি বিস্ফোরণ ঘটানো হয়। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল থেকে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে গত মার্চ মাস থেকে লিতানি নদী পর্যন্ত এলাকাগুলোতে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে লেবানন সরকারের ‘নীরবতার’ প্রতিবাদে নাবাতিয়েহ আল-ফাওকা এবং জাওতারের বাসিন্দারা দুটি পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বলে এনএনএ জানিয়েছে।

অন্যদিকে দখলকৃত দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে ২২ নভেম্বর লেবাননের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি।

এক বিবৃতিতে বেরি এ বছরের স্বাধীনতাকে ‘অসম্পূর্ণ ও অপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, লেবাননের ভূখণ্ড মুক্ত হলে এবং সরকারি ও জনগণের অবস্থান পুনরায় ঐক্যবদ্ধ হলেই কেবল এই স্বাধীনতা পূর্ণতা পাবে।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ