বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় রংপুর-বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য সার্জেন্ট আব্দুল আজিজ বান্দরবনে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রশিক্ষণের বিকল্প নেই: বাকৃবি উপাচার্য
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, লক্ষ্মীপুর থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাচ্ছিল। শনিবার সকাল সাড়ে ৭টায় বাসটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বান্দরবনে কর্মরত সেনা সদস্য সার্জেন্ট আব্দুল আজিজ ঘটনাস্থলে মারা যান। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার। তিনি লক্ষ্মীপুর থেকে সৈয়দপুর ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে আছে। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ইত্তেফাক/এমআরএম
