ইন্দোনেশিয়ার একটি কারখানার আগুন, মৃতদেহ ভর্তি ২৪টি বডি ব্যাগ উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬

ইন্দোনেশিয়ার একটি মিষ্টান্ন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি চালিয়ে ২৪টি বডি ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তবে এসব দেহাবশেষ কতজনের, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার ঘটনায় প্রাথমিক অবস্থায় উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশে প্রায় ৩৬ জনের নিখোঁজের ধারণা করা হচ্ছিল। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা রোববার জানিয়েছে, ১৫ জনকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে আরও ৪ জনকে আহত অবস্থায় হাসপাতাল ও স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে বানতেনের গভর্নর আন্দ্রা সোনি গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় কারখানাটিতে আগুন লাগার সময় এর ভেতরে প্রায় ৬০ জন লোক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধার করা দেহাবশেষ ও শরীরের অংশগুলোর ফরেনসিক পরীক্ষা এবং পরিচয় শনাক্ত করা প্রয়োজন। এর আগে সংস্থাটি তিনজনের মৃত্যুর কথা জানিয়েছিল।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানী জাকার্তার সীমান্তবর্তী বানতেন প্রদেশের সেরং জেলার পিটি ফোনুসা আগুং মুলিয়া কারখানায় আগুন লাগে।

তিনতলা ভবনটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনটির বিভিন্ন অংশ পুড়ে যায়।

বানতেন অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানান, আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পরও আগুন নেভাতে কাজ করছিলেন দমকলকর্মীরা। এ জন্য ১৫টি দমকলের গাড়ি ও জলকামান ব্যবহার করা হয়।

উদ্ধারকাজে পুলিশ, সেনাবাহিনী, ইন্দোনেশীয় রেড ক্রস ও স্বেচ্ছাসেবকেরাও অংশ নেন। আগুন লাগার তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিকের দাবি, কারখানার তৃতীয় তলার একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়।

কারখানার প্রধান নির্বাহী স্টিভেন উইজায়া জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানা চত্বরে প্রায় ৩০০ শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ৬৫ জন আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবারের (২৩ নভেম্বর) প্রথম প্রহরে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় কারখানাটির ক্ষতিগ্রস্ত এলাকায় ৬৩ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে ২৯ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৩৪ জন এখনো নিখোঁজ।

নিখোঁজ শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে কর্তৃপক্ষ। ভুক্তভোগী শনাক্তকরণ বিভাগের প্রধান ওয়াহু হিদায়াতি দ্বি পালুপি বলেন, দেহাবশেষের অবস্থা এতটাই খারাপ যে দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা ও প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে। উদ্ধার করা দেহাবশেষের ব্যাগগুলো শনাক্তকরণের জন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সেরং দমকল বিভাগের কর্মকর্তা টুবগাস মাহফুদ জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও কারখানার সব অংশে তল্লাশি চালানো সম্ভব হয়নি। ভবনের কিছু অংশ ধসে পড়ায় এবং পর্যাপ্ত আলো না থাকায় উদ্ধারকর্মীদের সতর্কভাবে কাজ করতে হচ্ছে। এ ছাড়া কারখানার উৎপাদিত সামগ্রীর কারণে আগুন আবার জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে। তাই তল্লাশির পাশাপাশি ভবনটি ঠান্ডা করার কাজও চলছে। এদিকে, কারখানার বাইরে নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা তাদের প্রিয়জনদের খোঁজে অপেক্ষা করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় একাধিক প্রাণঘাতী শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দেশটির কারখানাগুলোর কর্মপরিবেশ, অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

ইত্তেফাক/পিএস