রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আখতার হোসেন।
তিনি বলেন, ‘সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয় পর্যালোচনা করা হচ্ছে। ডিবি সবকিছু যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।’
এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
