যারা পাস করেছেন, তাদের ভর্তি পরীক্ষা আটকে রাখা যায় না: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৩১

সব বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধাবী। এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য মেধাবী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আটকে রাখা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

সোমবার (২৩ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে এখন আর কোনো আইনগত বাধা নেই।

তিনি বলেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন ও বিধি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এখন নিজেদের সুবিধামতো ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।

রিট আবেদন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, জনস্বার্থের কথা বলে রিট করা হলেও রিটকারীর উদ্দেশ্য কার স্বার্থ রক্ষা করা, তা স্পষ্ট নয়। এ ধরনের আবেদনের কারণে বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম আটকে রাখা সমীচীন নয়।

তিনি আরও বলেন, সব বিষয়ে উত্তীর্ণ হয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন, তাদের ভর্তি কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে। এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ও ফল পুনর্নিরীক্ষণের সুযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহত্তর সংখ্যক মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম বন্ধ রাখা উচিত নয়।

এর আগে গত ১৮ নভেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ১৯ নভেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশ স্থগিত করেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনগত বাধা রইল না।

 
ইত্তেফাক/এমএএম