ভুল বিচারে ১৮ বছর কারাবাস, চার সপ্তাহের প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল ফরাজী

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৬:৪০

নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হওয়ার অভিযোগে প্রায় ১৮ বছর কারাবন্দী থাকা বাগেরহাটের মোংলার বাদল ফরাজী চার সপ্তাহের প্যারোলে মুক্তি পাচ্ছেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী রয়েছেন।

বাদল ফরাজীকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৬ নভেম্বর গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা। কারা কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের আদালতে দণ্ডিত হওয়ার পর ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হয় বাদলকে। তাঁর প্যারোলের বিষয়ে ভারতের আদালতের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়। গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল আবেদনের নির্দিষ্ট প্রার্থনা মঞ্জুর করেন। তবে আদালত জানান, প্যারোল বা ফার্লোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করতে হবে।

দিল্লি হাইকোর্টের আদেশের পর গত ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারক পাঠায়। পরে ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আরেকটি স্মারক জারি করে। ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তাঁর ভাইয়ের প্যারোল চেয়ে আবেদন করেন। এরপর এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ স্মারকে দিল্লি হাইকোর্টের আদেশ, আইন ও বিচার বিভাগের মতামত এবং ২০১৬ সালের প্যারোল নীতিমালাকে আইনি ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্যারোলে মুক্ত থাকার সময় বাদলকে নীতিমালার সব শর্ত মেনে চলতে হবে। স্মারকে তার বন্দী নম্বর ৫০০২/এ উল্লেখ করা হয়েছে।

যেভাবে কারাবন্দী হলেন বাদল

২০০৮ সালের ৬ মে দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নিজের বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। এ ঘটনায় অমর কলোনি থানায় হত্যা মামলা হয়। পুলিশ ওই সময় নিহতের গৃহকর্মী 'বাদল সিং' নামের এক ব্যক্তিকে খুঁজছিল।

হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর ১৩ জুলাই পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি বাদল ফরাজী। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে হত্যা মামলার পলাতক আসামি 'বাদল সিং' হিসেবে গ্রেপ্তার দেখায়।

পরিবারের ভাষ্য, তখন বাদল অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। হিন্দি ও ইংরেজি ভাষা না জানায় নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি তিনি। পরবর্তী সময়ে তার পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য এবং স্কুলের প্রত্যয়নপত্র উপস্থাপন করা হলেও মুক্তি মেলেনি।

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদলকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরের বছর দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

প্রায় ১০ বছর দিল্লির তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল। এ সময়ে তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। পরে ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর প্রথমে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে। পরে স্থানান্তর করা হয় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে।

স্থায়ী মুক্তির অপেক্ষায় পরিবার

পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ২০ জুলাই বাদলের কারাভোগের ১৪ বছর পূর্ণ হয়। তবে তাকে স্থায়ীভাবে মুক্ত করার উদ্যোগ সফল হয়নি। ২০২৪ সালে দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডে তার অকালমুক্তির বিষয়টি উত্থাপন করা হলেও আবেদনটি প্রত্যাখ্যান করা হয়।

বাদল ফরাজীর দীর্ঘ কারাবাসের ঘটনা নতুন করে আলোচনায় আসে লেখক রাহিতুল ইসলামের উপন্যাস 'বাদলের কারাবাস' প্রকাশের পর। সত্য ঘটনা অবলম্বনে লেখা উপন্যাসটিতে বাদলের গ্রেপ্তার, বিচারপ্রক্রিয়া, কারাজীবন, পড়াশোনা এবং তার মুক্তির জন্য স্বজন ও মানবাধিকারকর্মীদের উদ্যোগের বিষয়গুলো উঠে এসেছে। বইটি প্রকাশের পর তার স্থায়ী মুক্তির দাবিও জোরালো হয়।

রাহিতুল ইসলামের লেখা 'বাদলের কারাবাস' উপন্যাসের উপশিরোনাম 'ভুল বিচারে ১৮ বছর, ভারত থেকে বাংলাদেশ'। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইটি জীবনীভিত্তিক উপন্যাস হিসেবে প্রকাশিত হয়েছে।

বাদল ফরাজিকে নিয়ে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বই বাদলের কারাবাস

লেখক রাহিতুল ইসলাম বলেন, প্যারোল বাদলের সমস্যার স্থায়ী সমাধান নয়। তার ভাষায়, '১৮ বছরের ক্ষতিপূরণ প্যারোলে হয় না। বিষয়টির স্থায়ী নিষ্পত্তিতে দুই দেশের সরকারের উদ্যোগ প্রয়োজন।'

সাংবাদিক মিজানুর রহমান সোহেল বলেন, সাময়িক প্যারোেল নয়, বাদলের স্থায়ী মুক্তি ও ন্যায়বিচারই আমাদের প্রত্যাশা।

বাদল কারাগারে থাকাকালে তার বাবা মারা যান। পরিবারের সদস্যদের আশা, চার সপ্তাহের প্যারোলে মুক্তির এই সুযোগ তার স্থায়ী মুক্তির পথও তৈরি করবে। তাদের দাবি, প্যারোলের মেয়াদ শেষে বাদলকে যেন আর কারাগারে ফিরে যেতে না হয়।

ইত্তেফাক/এসজে