বিজ্ঞাপন দেখে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার, কিডনি রোগে হাসপাতালে কিশোরী

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৩৯

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারদের চটকদার বিজ্ঞাপন দেখে ফর্সা হওয়ার ক্রিম কিনেছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। কিন্তু সুন্দর হওয়ার সেই স্বপ্নই এখন তার জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। ভারতের কেরালায় ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে ওই কিশোরী বর্তমানে মালাপ্পুরমের অ্যাস্টার এমআইএমএস মাদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই কিশোরী প্রায় এক বছর ধরে ক্রিমটি ব্যবহার করে। শুরুতে ক্রিমটি থেকে কার্যকরী ফল পাওয়ার কথা জানালেও পরে দেখা যায় এর পার্শ্বপ্রতিক্রিয়া। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়ার পর দেখা যায় তার শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি। যার প্রভাবে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, কিশোরীর রক্ত ও শরীরে পারদের মাত্রা অত্যন্ত বেশি। ক্রিমটি ব্রণ, কালো দাগ ও ত্বকের রঙ ফর্সা করছিল বলে মনে হচ্ছিল ওই কিশোরীর। এজন্য সে প্রায় নিয়মিত ব্যবহার করত এটি।

কিশোরী সাংবাদিকদের জানান, ইনস্টাগ্রামে একটি প্রচারণামূলক ভিডিওতে এই ক্রিমটি দেখার পর সেখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে সে। পরে তাদের কাছ থেকে ক্রিমটি কিনে ব্যবহার শুরু করে। একপর্যায়ে হঠাৎ তার রক্তচাপ কমে যায়। পাশাপাশি অজ্ঞান হয়ে পড়া এবং পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়।

কিশোরীর চিকিৎসক নেফ্রোলজিস্ট গৌরী এস জানান, পরীক্ষায় ওই কিশোরীর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ধরা পড়েছে। এটি কিডনির একটি গুরুতর রোগ। যার ফলে কিডনির রক্ত পরিশোধনকারী অংশ ক্ষতিগ্রস্ত হয়।

অভিযোগ অনুযায়ী, ব্যবহৃত ক্রিমটি পরীক্ষা করে প্রতি মিলিয়নে ১২ হাজার ৫০০ অংশ (পিপিএম) পারদ পাওয়া গেছে। অথচ প্রসাধনীতে পারদের অনুমোদিত মাত্রা প্রতি মিলিয়নে এক অংশের কম।

এ ঘটনায় কেরালার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনও একটি মামলা নথিভুক্ত করেছে। এ বিষয়ে স্বাস্থ্য ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।

পারদযুক্ত প্রসাধনী ব্যবহারের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

পারদ একটি অত্যন্ত বিষাক্ত ভারী ধাতু। ত্বকের রঞ্জক পদার্থ বা মেলানিন উৎপাদনে বাধা দেয় বলে অনেক অবৈধ ফর্সাকারী ক্রিমে পারদ ব্যবহার করা হয়। বারবার এসব ক্রিম ব্যবহারের ফলে ত্বকের মাধ্যমে পারদ শরীরে প্রবেশ করে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে।

প্রসাধনীতে পারদ ব্যবহারের প্রধান পার্শ্বপ্রতিক্রিয়াসমূহ:

১. কিডনির জটিলতা: রক্ত পরিশোধনকারী অঙ্গ হওয়ায় পারদ কিডনিতে জমা হয়ে এর কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এর ফলে প্রস্রাবের সঙ্গে শরীরের প্রয়োজনীয় প্রোটিন বেরিয়ে যাওয়া (প্রোটিনিউরিয়া) এবং কিডনি বিকল হওয়ার মতো ঝুঁকি তৈরি হয়।

২. শরীর ফুলে যাওয়া: কিডনি ক্ষতিগ্রস্ত হলে শরীরে তরল ও প্রোটিনের ভারসাম্য নষ্ট হয়, যার ফলে পা, গোড়ালি ও পায়ের পাতা ফুলে যেতে পারে।

৩. রক্তচাপের পরিবর্তন: কিডনির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় শরীরে তরলের ভারসাম্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণকারী হরমোনের কাজে বিঘ্ন ঘটে।

৪. স্নায়বিক সমস্যা: উচ্চমাত্রার পারদ স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। এর ফলে শারীরিক দুর্বলতা, হাত-পা কাঁপা, মেজাজের পরিবর্তন, মনোযোগের ঘাটতি এবং অঙ্গপ্রত্যঙ্গের সমন্বয়হীনতা দেখা দিতে পারে।

৫. ত্বকের ক্ষতি: দাগ বা ব্রণ দূর করার কথা বলা হলেও এসব ক্রিম উল্টো ত্বকে জ্বালাপোড়া, ফুসকুড়ি, লালচে ভাব ও স্থায়ীভাবে রঙের পরিবর্তন ঘটাতে পারে।

৬. রোগ প্রতিরোধক্ষমতা হ্রাস: দীর্ঘদিন পারদের সংস্পর্শে থাকলে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং শরীরে প্রদাহ সৃষ্টি হয়।

এদিকে অল্প সময়ে ত্বক ফর্সা করার প্রতিশ্রুতি দেওয়া যেকোনো ক্রিম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগমাধ্যম বা অননুমোদিত অনলাইন শপ থেকে কেনা পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তাই ইনফ্লুয়েন্সারদের বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে ত্বকের যেকোনো সমস্যায় চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।

সূত্র: এনডিটিভি

 
ইত্তেফাক/এসএইচ