ঝাড়ু দিতে হিমশিম খেয়ে কেঁদেছিলেন দীপিকা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২০:২৮

বলিউডে অভিষেকের আগে অভিনয়ের প্রশিক্ষণ নিতে গিয়ে বেশ কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পরিচারিকার চরিত্রে অভিনয়ের অনুশীলন করতে গিয়ে ঝাড়ু দেওয়ার দৃশ্যে বারবার ব্যর্থ হয়ে প্রায় কেঁদেই ফেলেছিলেন তিনি। সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ২০২৬-এর এক আলোচনায় সেই স্মৃতির কথা তুলে ধরেন অভিনেতা অনুপম খের।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের আগে অনুপম খেরের অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করেছিলেন দীপিকা। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী।

অনুপম খের ও দীপিকা পাড়ুকোন

অনুপম খের জানান, সে সময় দীপিকা পরিচিত মডেল ছিলেন। পরিচালক ফারাহ খান তাকে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের জন্য নির্বাচন করেছিলেন। মডেলিংয়ের পাশাপাশি শিক্ষিত ও মার্জিত পরিবেশে বেড়ে ওঠার কারণে দীপিকার আচরণে একটা আভিজাত্য ছিল। চায়ের কাপ ধরার মতো সাধারণ কাজও তিনি বেশ পরিপাটি ভঙ্গিতে করতেন। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে সব সময় এমন আচরণ বিশ্বাসযোগ্য মনে হতো না।

এ কারণে একদিন অভিনয়ের ক্লাসে দীপিকাকে একজন গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে বলেন অনুপম। চরিত্রটির কাজ ছিল মেঝে ঝাড়ু দেওয়া। কিন্তু দীপিকা ঝাড়ু দেওয়ার সময়ও নিজের স্বাভাবিক মার্জিত ভঙ্গি ধরে রাখছিলেন।

বিষয়টি বোঝাতে অনুপম খের নিজের বাড়ির পরিচারিকাকে ডেকে এনে ঝাড়ু দিতে বলেন। তার ঝাড়ু দেওয়ার স্বাভাবিক ভঙ্গি দেখিয়ে দীপিকাকে একই কাজ আবার করতে বলেন অভিনেতা। অনুপম জানান, যতক্ষণ না তার কাছে দীপিকার অভিনয় বিশ্বাসযোগ্য মনে হবে, ততক্ষণ এই অনুশীলন চলবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি।

অনুপম খের বলেন, শুরুতে বিষয়টি নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন দীপিকা। একপর্যায়ে তার চোখে প্রায় পানি চলে এসেছিল। তবে শেষ পর্যন্ত তিনি অনুশীলন চালিয়ে যান এবং পরে অনুপমকে ধন্যবাদ জানান।

অভিনয়ের ক্ষেত্রে নিয়মিত অনুশীলনের গুরুত্ব তুলে ধরে অনুপম বলেন, কাজ পেতে হলে অভিনয়ের চর্চা চালিয়ে যাওয়ার পাশাপাশি বাস্তব পরিস্থিতি বুঝে কাজ করার দক্ষতাও থাকতে হয়।

২০০৬ সালে কন্নড় সিনেমা ‘ঐশ্বরিয়া’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় দীপিকার। পরের বছর শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘পিকু’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ছপাক’ ও ‘গেহরাইয়াঁ’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউডেও অভিষেক হয় দীপিকার। সর্বশেষ তাঁকে দেখা গেছে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ সিনেমায়। সামনে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাঁকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি 

 
ইত্তেফাক/এসজে