সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করেছে সফরকারীরা। দলের হয়ে দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন কেবল তিনজন ব্যাটার, আর বিশের কোটা পেরিয়েছেন মাত্র একজন।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে লাঞ্চ বিরতির পর টস অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান।
ক্যাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম ওভার সামলে নিলেও দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। মার্কো ইয়ানসেনের ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম (৯ বলে ৩ রান)। এরপর দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।
ইনিংসের ১৪তম ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এনরিখ নরকিয়ার করা ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন ৪০ বলে ২৩ রান করা মাহফিজুল ইসলাম রবিন। ক্রিজে এসে প্রথম বলেই চার হাঁকান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তবে চতুর্থ বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি (২ বলে ৪ রান)।
পরে উইয়ান মুল্ডারের বলে ব্যক্তিগত ১১ রানে বোল্ড হন মুমিনুল হক। এরপর তাওহীদ হৃদয় ও লিটন দাস ১৩ রানের জুটি গড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি। লিটন দাস ৮ রানে ফেরার পরের ওভারেই আউট হন ১৯ রান করা তাওহীদ হৃদয়। এরপরই হুরমুর করে ভেঙে পরে বাংলাদেশ। মাত্র ৬ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৯১ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
