ট্রাইব্যুনালে প্রশ্ন আইনজীবী

শাপলা গণহত্যা ধর্মীয় উদ্দেশে হলে শেখ হাসিনা ‘কওমি জননী’ উপাধি পান কীভাবে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২১:১৫

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত ‘গণহত্যা’ ধর্মীয় উদ্দেশ্যে করা হয়ে থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি কীভাবে দেওয়া হলো—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন প্রশ্ন তুলেছেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মো. আমির হোসেন।

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (২৩ নভেম্বর) অভিযোগ গঠনের শুনানিতে এ যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।

শেখ হাসিনাসহ পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানিতে দাবি করেন, প্রসিকিউশন হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে ওই অভিযান চালানোর অভিযোগ এনেছে। অথচ ২০১৮ সালের ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত সমাবেশে আলেমরাই শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেন। এ বিষয়টি প্রসিকিউশনের অভিযোগের সঙ্গে সাংঘর্ষিক এবং অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে বলে তিনি দাবি করেন।

শুনানিতে আইনজীবী আমির হোসেন আরও দাবি করেন, সরকার বিকেল ৫টা পর্যন্ত সমাবেশের অনুমতি দিলেও নেতাকর্মীরা নির্ধারিত সময়ের পরও শাপলা চত্বরে অবস্থান করেন, গাছ কাটেন এবং পবিত্র কোরআন পুড়িয়েছেন। জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে শান্তিপূর্ণভাবে তাদের সরিয়ে দেয়, যা সম্পূর্ণ আইনগত ছিল।

ওই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ঘটনার সময় দেশের কোনো থানায় জিডি বা মামলা হয়নি এবং কেউ নিখোঁজ হওয়ার দাবিও জানাননি। এদিন আসামিপক্ষের আইনজীবীরা মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী ও মোজাম্মেল বাবুর পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এবং আবদুর রাজ্জাকের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমানের স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে আইন পাসের পর ২০১৮ সালের ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ওই শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়। হেফাজতের তৎকালীন আমির শাহ আহমদ শফীর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান মুফতি রুহুল আমীন শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেন।

তবে ওই অনুষ্ঠান নিয়ে হেফাজতের ভেতরে অসন্তোষ দেখা দেয় এবং তৎকালীন মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ প্রভাবশালী একটি অংশ এতে অংশ নেয়নি, যা পরবর্তী সময়ে হাটহাজারী মাদরাসায় ছাত্র আন্দোলনে রূপ নেয়। পরবর্তী সময়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করা মুফতি রুহুল আমীন ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান এবং গত ১৮ নভেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এ মামলায় শেখ হাসিনাসহ ৩০ জন আসামি পলাতক রয়েছেন, যাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা, সাবেক মন্ত্রিসভার সদস্য এবং পুলিশ, বিজিবি ও র‍্যাবের কর্মকর্তারা রয়েছেন। অন্যদিকে গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ড. আব্দুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, ডা. দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা।

ইত্তেফাক/এএম