বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরিয়ে দিলেন আংটি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২১:১৮

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পার্লামেন্টে নিজের শেষ ভাষণ দিতে গিয়ে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিলেন রাজ্যটির এক আইনপ্রণেতা। রাজনৈতিক জীবনের বিদায়বেলায় দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দেন ৩২ বছর বয়সী জর্ডান লেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পার্লামেন্টে ভাষণ চলাকালে হাঁটু গেড়ে বসে প্রেমিকা নাটালিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। নাটালি সম্মতি জানালে উপস্থিত সদস্যদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অধিবেশন কক্ষ।

জর্ডান লেন নিউ সাউথ ওয়েলসের রাইড আসনের লিবারেল পার্টির আইনপ্রণেতা। ২০২৩ সালে রাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার আগে স্থানীয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় পরবর্তী রাজ্য নির্বাচনে অংশ নেবেন না বলে চলতি মাসের শুরুতেই ঘোষণা দিয়েছিলেন লেন।

বিদায়ী ভাষণে নিজের রাজনৈতিক পথচলার পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত জীবনের নানা স্মৃতির কথা তুলে ধরেন তিনি। বক্তব্যের একপর্যায়ে দর্শক গ্যালারিতে বসে থাকা নাটালির উদ্দেশে বলেন, ‘স্পিকার, রাইডের আইনপ্রণেতা হিসেবে এটিই আমার শেষ প্রশ্ন। আমার প্রিয় নাটালি, তুমি কি আমাকে বিয়ে করবে?’

এ কথা বলেই পকেট থেকে আংটি বের করে নাটালির হাতে পরিয়ে দেন লেন। এরপর দুজনকে চুম্বন করতেও দেখা যায়। পুরো ঘটনা উপভোগ করেন অধিবেশন কক্ষে উপস্থিত আইনপ্রণেতা ও অতিথিরা।

নাটালি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পর লেন মজা করে বলেন, সংসদের আনুষ্ঠানিক কার্যবিবরণীতে যেন তার সম্মতির বিষয়টি লিপিবদ্ধ করা হয়। এ সময় পার্লামেন্টের স্পিকার গ্রেগ পাইপারও আনন্দ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, ৫৮তম পার্লামেন্টকে ‘ভালোবাসার পার্লামেন্ট’ হিসেবে মনে রাখা হবে।

জর্ডান লেন ও নাটালি এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন। বিয়ের প্রস্তাবের সেই মুহূর্তের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন লেন। সেখানে তিনি লেখেন, ‘আমি রাইডকে ভালোবাসি এবং সব সময় ভালোবাসব। তবে নাটালিকে তার চেয়েও বেশি ভালোবাসি।’

 

ইত্তেফাক/এবিএস